আলিফ হত্যার অভিযোগ গঠনের শুনানিকে ঘিরে চট্টগ্রাম আদালতে বাড়তি নিরাপত্তা
এ মামলার প্রধান আসামি চিন্ময় কৃষ্ণসহ ২৩ আসামিকে আদালতে হাজির করার কথা।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির দিন আদালত ভবন ঘিরে ‘বিশেষ নিরাপত্তা’ প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার সকালে ৯টার দিকে এই মামলার প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হতে পারে।
আদালত এলাকার নিরাপত্তার দায়িত্বে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাব সদস্যরা থাকবেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেছেন, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকায় নজরদারিতে থাকবেন।
আরেক পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ লাইন থেকে বাড়তি সদস্য আনা হবে।
সোমবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) মো. জাহিদুল হকের আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত আছে।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এস ইউ এম নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৯টার পর আদালতের কার্যক্রম শুরু হওয়ার কথা। নিরাপত্তার বিষয়টি পুলিশের দায়িত্ব। তারা সার্বিক প্রস্তুতি নিয়েছে। বিশেষ নিরাপত্তা রাখা হবে।
এর আগে বুধবার বিকালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হওয়া প্রথমদিনের শুনানিতে কয়েকজন আসামি নিজেদের পক্ষে আইনজীবী নিয়োগ এবং আইনজীবীর নিরাপত্তা চান আদালতের কাছে।
আলোচিত হত্যা মামলাটি গত ৭ জানুয়ারি বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠায় মহানগর দায়রা জজ।
রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রামের আদালতে জামিন নাকচ করে কারাগারে পাঠানো নিয়ে বিক্ষোভের ঘটনাপ্রবাহের মধ্যে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।
এ মামলার অভিযোগপত্রে নাম থাকা ৩৯ জন আসামির মধ্যে ১৬ জন এখনও পলাতক।
