চট্টগ্রামে লোহার ডিপোতে বিস্ফোরণ, দগ্ধ ৮ জন
দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে।
চট্টগ্রামের সাগরিকা এলাকায় লোহার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আটজন দগ্ধ হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডে সে ডিপোতে বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানিয়েছে।
তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ঘটনাস্থলে যাওয়া পুলিশ।
দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৭টার দিকে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।
তারা জানিয়েছেন, হাইড্রোলিক জ্যাক বিস্ফোরণের কারণে তারা দগ্ধ হয়েছেন।
দগ্ধ আটজন হলেন- মোঃ আব্দুল কাদের (৬০), মোঃ করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান (৬০), জামাল হোসেন (৩৮), মোঃ রাসেল (২৮), মোঃ বাহার উদ্দিন (৪৫) ও আবুল কাশেম (৬০)।
