১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাছের কলা নিয়ে ঝগড়া, প্রতিবেশীর ‘মারধরে’ প্রাণ গেল এক জনের

“কেউ বলেছে, তোহাকে কিল ঘুষি মেরেছিল, কেউ বলেছে টর্চ লাইট দিয়ে আঘাত করেছে।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2026, 01:45 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ‘পূর্ব বিরোধের জেরে প্রতিবেশীর মারধরে’ গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

নিহত ৪৫ বছর বয়সি মোহাম্মদ তোহা পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে মোনাফ হাজী পাড়ার মৃত আবুল বশরের ছেলে; তোহা পটিয়া আদালতের মুহুরীদের সংগঠন পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন।  

শুক্রবার রাতে এই ঘটনার পর, পুলিশ খবর পেয়ে নিহত তোহার প্রতিবেশী আনোয়ার হোসেনকে আটক করেছে। ২৯ বছর বয়সি আনোয়ার স্থানীয় এজাহার মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার রাতে নিজের বাড়ির সামনে আনোয়ারকে ঘোরাঘুরি করতে দেখেন তোহা। তখন তোহা আনোয়ারের কাছে জানতে চান, তার গাছের কলা কে চুরি করেছে? 

কলা চুরির বিষয়ে তার কাছে জানতে চাওয়ায়, আনোয়ার ক্ষিপ্ত হয়ে উঠে। এতে দুজনের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আনোয়ার আরো লোকজন নিয়ে তোহার উপর হামলা চালায়। 

গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তোহাকে উদ্ধার করে পটিয়া সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাবিলাসদ্বীপ ইউনিয়নের বাসিন্দা ওই দুই প্রতিবেশী পরিবারের মধ্যে আগে থেকে বিরোধ ছিল। গতকাল কলা গাছ বা কলা নিয়ে আবার ঝগড়া হয় বলে শুনেছি। 

“স্থানীয় বাসিন্দাদের কেউ বলেছে, তোহাকে কিল ঘুষি মেরেছিল। আবার কেউ বলেছে তাকে টর্চ লাইট দিয়ে আঘাত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” 

হত্যকাণ্ডের খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে আটক করা হয় বলে ওসি মো. জিয়াউল হক জানিয়েছেন। 

এ ঘটনায় এখনো মামলা হয়নি জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেছেন, জড়িতদের আটক করতে অভিযান চলছে।