১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে বিলবোর্ড উচ্ছেদ শুরু, মেয়র বললেন কোনো ‘চাপ নেই’

“এগুলো কারা করেছে, তাদের আমরা সন্ধান করছি।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2026, 04:32 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

উচ্ছেদে অংশ নিয়ে নগরীতে কোনোর ধরনের বিলবোর্ড থাকবে না বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম নগর সংস্থার মেয়র শাহাদাত হোসেন। 

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নগরীর কাজীর দেউড়ি মোড়ে উচ্ছেদ অভিযানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো ধরনের বিলবোর্ড শহরে থাকবে না। নির্বাচনকালীন কেউ আমাদের সাথে কথা না বলে করে ফেলেছে।  

“আমরা এখন এগুলো দেখতে পাচ্ছি। এগুলো কারা করেছে, তাদের আমরা সন্ধান করছি। যেহেতু এখনো শনাক্ত করতে পারিনি আমরা নিজেরাই কেটে ফেলছি।”

চট্টগ্রাম সার্কিট হাউজের সীমানা সংলগ্ন সড়কের উপর স্থাপিত বিলবোর্ডের খুঁটি উচ্ছেদে নেতৃত্ব দেন মেয়র। 

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত বলেন, “ঢাকাসহ অন্যান্য শহরে যেভাবে আছে ডিজিটাল সাইনবোর্ড ও এলইডি, এগুলো আমরা অনুমোদন দেব। এ ধরনের বড় বিলবোর্ড যেগুলো সৌন্দর্য্য হানি করছে এরকম কোনো কিছু আমরা শহরে অ্যালাউ করব না। যেখানে যেখানে করা হয়েছে প্রতিটি জায়গা থেকে উচ্ছেদ করা হবে।”

তিনি বলেন, “বিলবোর্ড উচ্ছেদে কোনো ধরনের রাজনীতি, কোন পলিটিক্যাল মাসলম্যান বা পাওয়ারম্যান এখানে কোনো কিছু করতে পারবে না। আপনারা দেখেছেন, কোনো জায়গায় আমি কম্প্রোমাইজ করিনি। এখানে কোনো চাপ নেই। আমাদের যদি সদিচ্ছা না থাকত, আমরা উচ্ছেদ করতাম না।”

সিটি করপোরেশনের কর্মকর্তারা বলেন, বৃহস্পতিবার শুরু হওয়া বিলবোর্ড উচ্ছেদ অভিযান পুরো নগরীতে ধারাবাহিকভাবে পরিচালিত হবে।