১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে মিছিল: ছাত্রলীগ-যুবলীগের ১৩ জন আটক, দুটি বাসও

“দুটি যাত্রীবাহী বাস, চারটি সাদা কাপড়ের টুকরা, ১০টি লাঠি ও ১৩টি ইটের টুকরা উদ্ধার করা হয়েছে,” বলেছে সিএমপি।

চট্টগ্রামে মিছিল: ছাত্রলীগ-যুবলীগের ১৩ জন আটক, দুটি বাসও
মিছিল করার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে দুটি বাসও আটক করে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 08:05 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

চট্টগ্রাম নগরীর বারেক বিল্ডিং এলাকায় মিছিল করার পর ছাত্রলীগ ও যুবলীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। 

শুক্রবার সকালের ওই মিছিলের পর নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার বিকালে এ বিষয়ে সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বলেছে, ‘ঘটনাস্থল থেকে ঘটনায় ব্যবহৃত’ দুটি যাত্রীবাহী বাস, চারটি সাদা কাপড়ের টুকরা, ১০টি লাঠি ও ১৩টি ইটের টুকরা উদ্ধার করা হয়েছে। 

সিএমপির জনসংযোগ শাখার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারি কমিশনার (সদর) আমিনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

“তারা যে বাসে করে এসেছিল, সেই বাস দুটিও আটক করা হয়েছে।” 

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিছিল করার অভিযোগে চট্টগ্রামে আটক করা হয় ছাত্রলীগ-যুবলীগের ১৩ নেতাকর্মীকে। 

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিছিল করার অভিযোগে চট্টগ্রামে আটক করা হয় ছাত্রলীগ-যুবলীগের ১৩ নেতাকর্মীকে।

এ সংক্রান্ত সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “শুক্রবার সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে মাথায় সাদা কাপড় বেধে দুটি যাত্রীবাহী বাসযোগে এসে বারেক বিল্ডিং এলাকায় মিছিল শুরু করে।

“তাৎক্ষণিক ডবলমুরিং থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিরা মাথায় সাদা কাপড় বাধা অবস্থায় অলি-গলি দিয়ে পালিয়ে যায়।”

পরে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়ারা হলেন- হালিশহর থানা যুবলীগের সভাপতি মো. ওমর ফারুক, সাকিবুল ইসলাম, ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজা, যীশু দাশ, মো. সাইফুল আলম রুবেল, মো. শরিফুল ইসলাম, মো. ইব্রাহিম খলিল, মোহাম্মদ মিন্টু, মো. মনিরুল ইসলাম, মো. হান্নান, মো. জুনাইদুল আলম তাসনুপ ও মো. ইরফান। 

এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আমিনুর রশিদ।