২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ২৯ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করল হেফাজতে ইসলাম

সংগঠনটি বলছে, শিগগিরই তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2023, 05:01 PM

Updated : 26 Dec 2023, 05:01 PM

‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায়’ ঢাকায় ২৯ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শিগগিরই দলের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহাসমাবেশ স্থগিতের এই সিদ্ধান্ত জানানো হয়।

সেখানে বলা হয়, “হেফাজতে ইসলাম বাংলাদেশের নীতিনির্ধারণী ফোরামের মুরুব্বিগণ দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে এ সময় আপাতত উক্ত মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নীতিনির্ধারণী ফোরাম দ্রুত সময়ের মধ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।”

মহাসমাবেশ স্থগিতের কারণ জানতে চাইলে মুফতী কিফায়াতুল্লাহ আজহারী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংবাদ বিজ্ঞপ্তিতে যা উল্লেখ আছে সেটাই বিবেচনা করবেন।”

এর বেশি আর কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।

মামুনুল হকসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত হেফাজতের নেতাকর্মীদের নামে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ‘ইসলামের সাথে সাংঘর্ষিক সকল বিষয়’ বাতিলের দাবিতে গত ৮ ডিসেম্বর ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। ওই সমাবেশ থেকে ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছিল।