২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে শাটল ট্রেনে কাটা পড়ে নারী ও শিশু নিহত

তারা একসঙ্গে রেল ব্রিজ ধরে হাঁটার পথে হঠাৎ ট্রেন চলে আসায় সরে যাওয়ার সুযোগ পাননি; পরিচয় না জানায় তাদের সম্পর্কও জানা যায়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2023, 06:33 PM

Updated : 25 Jun 2023, 06:33 PM

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ধাক্কায় কাটা পড়ে এক নারী ও শিশু নিহত হয়েছেন।

রোববার দুপুরে নগরীর অক্সিজেন রেল সিগন্যালের কাছে জলদার পাড় এলাকায় একটি রেলসেতুতে এ দুর্ঘটনায় এ দুইজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়।

তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানতে পারেনি পুলিশ। নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ এবং শিশুটির ১২ বছর। তারা রেললাইন ধরে হাঁটার পথে একসঙ্গে দুর্ঘটনায় পড়লেও পরিচয় না জানায় তাদের সম্পর্কও জানা যায়নি বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার এসআই সঞ্জয় শর্মা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বিকাল সাড়ে তিনটার দিকে শাটল ট্রেনটি শহর থেকে ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। বিপরীত দিকে থেকে ওই নারী ও শিশুটি হাতে বাজার নিয়ে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন।

“ওই নারী ও শিশু রেললাইনের ব্রিজের মাঝামাঝিতে ছিলেন। ট্রেন চলে আসায় তাদের সামনে কিংবা পেছনে যাবার উপায় ছিল না। ট্রেনের ধাক্কায় দুইজন ব্রিজের দুই পাশে ছিটকে খালে পড়ে যান।”

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এসআই সঞ্জয়।