সীতাকুণ্ডে ‘প্রতিবন্ধী’ যুবকের লাশ উদ্ধার
“কাঠ দিয়ে মাথার পেছনে আঘাত করে তাকে হত্যা করা হয়,” বলেন ওসি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘প্রতিবন্ধী’ এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরের হাট বাজার থেকে লাশ উদ্ধারের কথা জানিয়েছেন সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান।
মো. বেলাল (২৫) নামে সেই যুবক মীরের হাটের আবুল কালামের ছেলে।
পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলাল মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি বাজারে ঘুরে বেড়াতেন এবং রাতে সেখানেই কোনো দোকানে ঘুমাতেন।
“শনিবার গভীর রাত থেকে বোরবার ভোরের মধ্যে তাকে কাঠ দিয়ে মাথার পেছনে আঘাত করে খুন করা হয়।”
সকালে বাজারের লোকজন বেলালের লাশ দেখে পুলিশে খবর দেয়। এরপর তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
লাশের পাশ থেকে একটি ‘রক্তমাখা কাঠ’ উদ্ধারের তথ্য দিয়েছেন ওসি মজিবুর রহমান।
