২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরী থেকে অপহৃত ব্যক্তি রাঙ্গুনিয়ায় উদ্ধার

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে অপহৃত এক ব্যক্তিকে রাঙ্গুনিয়া উপজেলার পাহাড় থেকে উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 07:37 PM

Updated : 02 Aug 2022, 11:56 AM

বুধবার রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গহীন পাহাড়ী এলাকা থেকে কামাল উদ্দিন (৩৫) নামে এ ব্যক্তিকে উদ্ধার করা হয়, সেই সঙ্গে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই জন হলেন- মো. মামুন (২৫) ও মো. বেলাল (২৫)। তদের মধ্যে মামুনের বাড়ি রাঙ্গুনিয়া বেতছড়ি এলাকায়, বেলালের বাড়ি মিরসরাই উপজেলার বামনসুন্দর গ্রামে।  

কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বিডিনিউজে টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে এক ব্যক্তি থানায় এসে অভিযোগ করেন সোমবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তার বড় ভাইকে অপহরণ করা হয়েছে।

অপহরণকারীরা ফোনে তার কাছ থেকে ১৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলেও অভিযোগ করেন জয়নাল আবেদীন নামে ওই ব্যক্তি।

ওসি জানান, রাতে এ ঘটনায় মামলা নিয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি দল অভিযান শুরু করে। বুধবার রাঙ্গুনিয়া থানার ইসলামপুর এলাকার একটি পাহাড় থেকে কামাল উদ্দিনকে উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার এসআই মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপহৃত কামাল সাতকানিয়া এলাকায় একটি ইট-বালি-সিমেন্টের দোকানে কাজ করেন। সোমবার তিনি তার পরিচিত এক ব্যক্তিকে দেখতে কারাগারে এসেছিলেন। যাওয়ার পথে চার জন যুবক তাকে জিম্মি করে নিয়ে যায় এবং ১৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এসআই মেহেদী জানান, যে স্থানে কামালকে আটকে রাখা হয়, সেটা জনবসতিহীন গহীন এলাকা। সড়ক থেকে অন্তত আরও চার কিলোমিটার হেঁটে ওই স্থানে পৌঁছাতে হয়। 

পুলিশের ধারণা, গ্রেপ্তার হওয়ারা সংঘবদ্ধ একটি চক্রের সদস্য। মূলত বিভিন্ন স্থান থেকে লোকজনকে অপহরণ করে ওই ঘরটিতে আটকে রেখে টাকা দাবি করা হয়।

এসআই মেহেদী জানান, অপহরণ কাজে গ্রেপ্তার দুই জন ছাড়া আরও কয়েক জন এ চক্রে জড়িত। অভিযানের সময় দুজনকে আটক করা হলেও আরও দুই জন পালিয়ে যান।