চট্টগ্রামে ইসকনের মামলায় ৫ জন কারাগারে
সোশাল মিডিয়ায় আর্ন্তজাতিক ভাবনামৃত সংঘ- ইসকনকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
কারাগারে পাঠানো পাঁচ আসামি হলেন, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুজন বিশ্বাস, ভিআইপি টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রবীর কান্তি চৌধুরী, এবং সুশীল দে, সুভাষ মুহুরী ও সদিপ দে।
ইসকনের আইনজীবী শুভাশীষ শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসকন এবং পু-রিক ধামের চিন্ময় কৃঞ্চ ব্রক্ষচারীকে নিয়ে বিদ্রুপাত্মক, বিভ্রান্তিকর এবং মানহানিকর বক্তব্য দেওয়ায় গত বছর ২৩ অগাস্ট চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন নন্দনকান ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক তারণ নিত্যানন্দ দাশ ব্রহ্মচারী।
আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দেয়। ২৫ এপ্রিল আদালতে প্রতিবেদন জমা দিলে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর না করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।”
