জালিয়াতি: জেনারেল হাসপাতালের সেই হিসাব রক্ষককে মুন্সীগঞ্জে বদলি
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ৫ কোটি ৩৭ লাখ টাকার বিল জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা হওয়ার পর হিসাবরক্ষক মোহাম্মদ ফোরকানকে মুন্সীগঞ্জে বদলি করা হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে তাকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফোরকানকে মুন্সীগঞ্জে বদলির আদেশ এসেছে বলে জেনেছি।”
অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. শামিউল ইসলাম স্বাক্ষরিত আদেশে এটি প্রশাসনিক কারণে জারি করা হয়েছে উল্লেখ করে বলা হয়, আদেশ জারির পাঁচদিনের মধ্যে ছাড়পত্র গ্রহণ করতে হবে। অন্যথায় ষষ্ঠদিন থেকে সরাসরি অব্যাহতি পেয়েছেন বলে গণ্য হবে।
জালিয়াতি করে ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ৫ কোটি ৩৭ লাখ টাকার একটি বিলছাড় করানোর চেষ্টার ঘটনায় হিসাবরক্ষক (চলতি দায়িত্ব) ফোরকানসহ চারজনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দেওয়া হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি এ অভিযোগ করেন।
জানা গেছে, ২০১৩-১৪ সালে ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আটটি আইসিইউ শয্যাসহ অন্যান্য সামগ্রীর পাঁচ কোটি ৩৭ লাখ টাকার একটি বিল মামলার কারণে বকেয়া রয়েছে। এ নিয়ে দুদকের করা মামলা শুনানির পর্যায়ে রয়েছে। বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় বিলটি বকেয়া রয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের সময়ে চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালটিতে ২০২০ সালে আইসিইউ শয্যাগুলো বসানো হলেও বিল বকেয়া ছিল। হাসপাতালের হিসাবরক্ষক ফোরকান ওই বিল জালিয়াতির মাধ্যমে ছাড় করানোর চেষ্টা করেন। পরে বিষয়টি ধরা পড়ে কর্মকর্তাদের কাছে।
এই বিল জালিয়াতির ঘটনা তদন্তে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি গত ৬ জুলাই প্রতিবেদন জমা দেয়।
