২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরীরে আঘাতের চিহ্ন, দাফনের মুহূর্তে লাশ হেফাজতে নিল পুলিশ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের খবরে এক যুবকের লাশ উদ্ধার করে দাফনের প্রস্তুতি নিচ্ছিল পরিবার; শেষ মুহূর্তে শরীরে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হওয়ায় পুলিশকে জানিয়েছেন তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 03:35 PM

Updated : 22 Jul 2022, 03:57 AM

রোববার ফটিকছড়ি উপজেলার পূর্ব পাতাছড়া এলাকা থেকে মো. কবির হোসেন নামের ২৪ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠানো হচ্ছে বলে ভুজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী জানিয়েছেন।

তিনি বলেন, “কবিরকে খুন করা হয়েছে। কোথায়, কীভাবে তাকে খুন করা হয়েছে- সেটা তদন্ত করতে হবে।”

ওসি বলেন, পূর্ব পাতাছড়ার কবির হোসেন ভুজপুরে একটি লেবু বাগানের শ্রমিক ছিলেন। শনিবার রাতে নিহতের স্বজনদের ফোন করে জানানো হয়, কবির সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। করেরহাট এলাকা থেকে তার লাশ নিয়ে যেতে বলা হয়।

“স্বজনরা কবিরের লাশ বাড়িতে নিয়ে যান। সকালে দাফনের জন্য তাকে গোসল করানোর সময় শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশে খবর দেন।”

ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে জানিয়ে ওসি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।”