২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাদের বক্তব্য গুজব রটানোর শামিল: তথ্যমন্ত্রী

দুর্দশায় পড়া শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনা করায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 09:47 PM

Updated : 02 Aug 2022, 11:53 AM

তিনি বলেছেন, “তাদের শিক্ষিত মানুষ বলে জানতাম। তারা শিক্ষিত হয়েও অশিক্ষিতের মত বক্তব্য দিচ্ছেন “

‘বাংলাদেশ শ্রীলঙ্কা হতে পারে’, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের এমন বক্তব্য এবং ‘বাংলাদেশের রিজার্ভ এখন সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে গেছে’ বলে বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর ভাষ্যের উত্তরে তথ্যমন্ত্রী হাছানের এই প্রতিক্রিয়া।

শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ক্ষমতাসীন দলের এই নেতা।

তিনি দাবি করেন, বৈদেশিক ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করে বাংলাদেশ অর্থনৈতিক ভিত্তি নিয়ে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ‘সবার উপরে’ দাঁড়িয়ে আছে। বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশের তালিকাতেও বাংলাদেশের নাম নেই।

জিএম কাদের ও রিজভীর দিকে ইংগিত করে হাছান মাহমুদ বলেন, “এই সংবাদগুলো কী এই সমস্ত রাজনীতিবিদরা পড়েন না? না পড়েই তারা যে সমস্ত বক্তব্য রাখছেন, এগুলো তো গুজব রটানোর সামিল।”

বাংলাদেশ আর শ্রীলঙ্কা ‘এক জিনিস নয়’ মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ অর্থনৈতিকভাবে দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। কদিন আগে কানাডাভিত্তিক রিজিওনাল ক্যাপিটালিস্ট ব্লুমবার্গ ডাটা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের ঝুঁকিপূর্ণ ইনডেক্স প্রকাশ করছে। সেখানে তালিকায় ২৫টি দেশের নাম দেওয়া হয়েছে। সেই তালিকায় অনেক বড় বড় দেশ আছে।”

তালিকায় পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও তুরস্কসহ বিভিন্ন দেশের নাম থাকলেও বাংলাদেশের নাম না থাকার কথা জানিয়ে মন্ত্রী বলেন, “আমি আশা করব, শিক্ষিত মানুষগুলো যেন অশিক্ষিতের মতো কথা না বলেন। আমাদের রাজনীতিবিদ যারা এই নিয়ে কথা বলছেন, তাদেরকে বলব একটু পড়াশোনা করার জন্য।”

হাছান মাহমুদ বলেন, “জিডিপির ৪৫ শতাংশ পর্যন্ত বৈদেশিক ঋণ নিরাপদ। সে জায়গায় আমরা বৈদেশিক ঋণ নিয়েছি জিডিপির মাত্র ১৬ শতাংশ। এই অর্থনৈতিক ইনডেক্সগুলো যে সমস্ত রাজনীতিবিদরা পড়েন না, তাদের কী বলব।”

চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।