২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের তার চুরি করতে গিয়ে জখম হন সেই পরিবহন শ্রমিক

চট্টগ্রামে এক পরিবহন শ্রমিকের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি করে পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক খুঁটি থেকে তামার তার চুরি করতে গিয়ে তিনি জখম হয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2022, 07:09 PM

Updated : 02 Aug 2022, 11:53 AM

নুরুল ইসলাম নাহিদ নামে ৪০ বছর বয়সী ওই ব্যক্তি চট্টগ্রাম-কক্সবাজার রুটের বাসে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। তার বাসা নগরীর চান্দগাঁও থানার চেয়ারম্যান ঘাট এলাকায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে দুই ব্যক্তি বাসায় গিয়ে নাহিদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জানিয়ে স্ত্রী আনোয়ারাকে সঙ্গে নিয়ে হাসপাতালে রওনা দিয়েছিলেন।

তাদের একজনকে আনোয়ারা চিনে ফেলায় মাঝপথেই দুজন অটো রিকশা থেকে নেমে যান। স্ত্রী আনোয়ারা একাই নাহিদকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দরনগরীতে পরিবহন শ্রমিকের মৃত্যু নিয়ে ধোঁয়াশা  

এর আগে বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাসা থেকে বের হওয়ার পর রাত ৯টার দিকে নাহিদ তার স্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন, তিনি কক্সবাজার যাচ্ছেন।

বাকলিয়া থানার ওসি মো. আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্ত্রীকে কক্সবাজার যাওয়ারর কথা বললেও নাহিদ গিয়েছিলেন রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায়।

“সেখানে বৈদ্যুতিক খুঁটি থেকে তামার তার চুরি করতে গিয়ে আহত হয়েছিলেন নাহিদ।”

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ট্রান্সফরমারের সঙ্গে বৈদ্যুতিক তারগুলো সচল রাখার জন্য এক ধরনের তেল জাতীয় পদার্থ থাকে। তার কাটার পর সেসব নাহিদের হাতে ও শরীরে পড়ে ঝলসে যায়।

Image
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

ওসি বলেন,“আহত  অবস্থায় নাহিদকে নৌপথে নগরীতে এনে স্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল সহযোগীরা। তাদের একজনকে নাহিদের স্ত্রী আনোয়ারা চিনে ফেলায় তারা অটো রিকশা থেকে সটকে পড়ে।”

বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খবর পেয়ে নাহিদের লাশ উদ্ধার করে পুলিশ।

এঘটনায় মো. শওকত (৩২) নামে পুরাতন মালামালের বেচা-কেনা করা এক ব্যক্তিকে আটকের পর নাহিদের মৃত্যুর রহস্য উদঘাটন হয় বলে জানান ওসি আব্দুর রহিম।

তিনি জানান, নাহিদকে বাসায় নিয়ে যাওয়া দুজনের মধ্যে আনোয়ারা যাকে চিনতে পারেন তার নাম ওসমান।

“পেশায় নৌকার মাঝি ওসমানের ফোন নম্বর সংগ্রহ করে দেখা যায় তিনি শওকতের সাথে রাত থেকে ভোর পর্যন্ত ৫০ বারের অধিক টেলিফোনে কথা বলেছেন। সেই সূত্র ধরে শওকতকে শনাক্ত করে আটক করা হয়।”

জিজ্ঞাসাবাদে শওকত পুলিশকে জানান তিনি ‘স্ক্র্যাপ’ মালামাল বিক্রেতা। ওসমানের কাছ থেকে বিভিন্ন সময় তিনি তামার তার কিনতেন। বুধবার রাতে তার কেনার বিষয়ে তাদের মধ্যে কথা হয়।

“শওকত জানিয়েছন, নাহিদ আহত হওয়ার খবরটি ওসমান তাকে টেলিফোনে জানিয়ে পরামর্শ চেয়েছিলেন। তখন তিনি নাহিদকে তার স্ত্রীর কাছে পৌঁছে দেয়ার জন্য ওসমানকে পরামর্শ দিয়েছিলেন।”

শওকতের দেওয়া তথ্যের সত্যতা পাওয়া গেছে জানিয়ে ওসি বলেন, “রাতে ওসমান ও নাহিদের অবস্থান সরফভাটা এলাকায় ছিল বলে আমরা প্রমাণ পেয়েছি।

“পাশাপাশি ওই এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম এর সাথে আমরা যোগাযোগ করে সরফভাটা এলাকায় ট্রান্সফরমারের তার কাটার বিষয়েও সত্যতা পেয়েছি।”

ওসি আব্দুর রহিম বলেন, এ বিষয়ে আরও তদন্ত চলছে, পাশাপাশি বৈদ্যুতিক তার চুরির সিন্ডিকেট শনাক্তের কাজও চলছে।