২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদী সংলগ্ন মহেশ খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2022, 12:38 AM

Updated : 02 Aug 2022, 11:53 AM

বুধবার বন্দর থানার ঈশান মিস্ত্রী হাট এলাকায় খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম মো. মনিরুজ্জামান (৫৭)। নগরীর বালুছড়া নতুন পাড়া এলাকায় তিনি ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি রাঙামাটি সদরের কলেজ রোডে।

বন্দর থানার এসআই হাসান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। মানিব্যাগে পাওয়া জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত করা হয়।

লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিম। খবর পেয়ে সেখানে যান মনিরুজ্জামানের ভাই।

এসআই হাসান বলেন, “তার ভাই জানিয়েছে, বেশ কিছু দিন ধরে কোনো কাজ-কর্ম করতেন না মনিরুজ্জামান। নতুন পাড়া এলাকার ভাড়া বাসায় ছয় মাসের মতো ভাড়া বকেয়া হয়ে যাওয়ায় স্ত্রী-সন্তানদের রাঙামাটিতে পাঠিয়ে দিয়েছিলেন।”

গত সোমবার মনিরুজ্জামান বাসা থেকে বের হয়েছিলেন, পরে আর ফেরেননি বলে তার ভাই পলিশকে জানিয়েছেন।