২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘মার’ খাওয়ার দুদিন পর এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের হালিশহর এলাকায় গাড়ি রাখা নিয়ে বাকবিতণ্ডার জেরে মারধরের শিকার এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 02:35 PM

Updated : 02 Aug 2022, 02:01 PM

হালিশহর থানার ওসি জহিরুল ইসলাম জানান, দুদিন আগে মো. সুজনকে (৪০) ‘মারধর’ করা হয় বলে জেনেছেন তারা। তার বাসা নগরীর হালিশহর এলাকায়।

বুধবার সকালে বুকে ব্যথা হলে সুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি জহিরুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হালিশহর জে ব্লক এলাকায় গাড়ি পার্কিং নিয়ে সুজনকে গত সোমবার অপু নামে এক যুবক মারধর করে।“

তবে এ বিষয়ে সুজন থানায় কোনো অভিযোগ করেননি। পুলিশ পরে স্থানীয়দের কাছে ঘটনা জানতে পেরেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সুজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি।