২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবক খুন, বাবা-ছেলে গ্রেপ্তার

বন্দরনগরী চট্টগ্রামে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার অভিযোগে বাবা-ছেলেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 05:06 PM

Updated : 02 Aug 2022, 02:00 PM

মঙ্গলবার বেলা ১২টার দিকে ডিসি রোডের মৌসুমি আবাসিক এলাকার ক্রিস্টাল ভিউ কেজি স্কুলের বিপরীতে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সৌরভ খান সোহাগ (২৩) চকবাজার থানার ফরিদ ম্যানশনের হারুনুর রশিদের ছেলে। ডিসি রোড এলাকায় ইন্টারনেটের ব্যবসা করতেন তিনি।

হত্যাকাণ্ডের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ শফি (৫০) এবং তার ছেলে সাকিব হোসেনকে গ্রেপ্তার করে। তারা শিশু কবরস্থান এলাকার হাজী মোহাম্মদ হোসেনের বাড়িতে থাকতেন।

চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা পূর্ব পরিচিত। বিভিন্ন বিষয় নিয়ে সোহাগের সাথে শফির ঝগড়া লাগে। এক পর্যায়ে শফিকে থাপ্পড় মারে সোহাগ, তখন শফি তার সাথে থাকা লোহা দিয়ে সোহাগের মাথায় আঘাত করে।

“দুইজনের মধ্যে মারামারির খবর জানতে পেরে শফির ছেলে সাকিব ঘটনাস্থলে গিয়ে সোহাগের বুকে ছুরিকাঘাত করে। সোহাগকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।”

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।