চট্টগ্রামে ৯০% কোরবানির পশুর বর্জ্য সরেছে: সিসিসি
বন্দরনগরী চট্টগ্রামে ঘোষিত সময়ের মধ্যে ৯০ শতাংশ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করার কথা বলেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
ঈদের দিন রোরবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা, এই ৭ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করেছিল নগর কর্তৃপক্ষ। তবে সন্ধ্যা ৬টার পরেও নগরীর কয়েকটি স্থানে পশু জবাইয়ের বর্জ্য দেখা গেছে।
রোববার বিকালে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি পরিদর্শনে বের হন মেয়র রেজাউল করিম চৌধুরী। পরে তিনি বলেন, “নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে আমরা সফল হয়েছি। এখন যা দেখছেন সেগুলো হলো কসাই সংকটে কারণে যারা সকালে কোরবানি করতে পারেনি, তারা দুপুর ২টার পর কোরবানি করেছেন। সেই বর্জ্যগুলো সংগ্রহ করা হচ্ছে।”
তবে নগরীর চকবাজার, আলমাস, নিউ মার্কেট, আগ্রাবাদ, পতেঙ্গা, হালিশহর, বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকার বর্জ্য পুরোটাই অপসারণ করা হয়েছে বলে দাবি করেছেন সিসিসির বর্জ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী।
তিনি বিকেল সোয়া ৫টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল ৪টার মধ্যে ৭ ঘণ্টায় আমরা ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করতে পেরেছি। আশা করি, সন্ধ্যা ৬টার মধ্যে সব বর্জ্য সরিয়ে নিতে পারব। গতবারের চেয়ে কম সময়ে সিংহভাগ কাজ শেষ করেছি এবার।”
সন্ধ্যা ৬টার পরও নগরীর কাজীর দেউড়ি, হামজারবাগ, আমিন জুট মিল, এক্সেস রোডের হাজী পাড়া অংশ ও কাতালগঞ্জ থেকে গাড়ি নিয়ে সিসিসির কর্মীদের আর্বজনা অপসারণ করতে দেখা গেছে।
নগরীর জামালখান, আসকার দিঘীর পাড়, খুলশী, ২ নম্বর গেট, জিইসি, ওয়াসা, ফয়’স লেকসহ বেশ কিছু এলাকারা মূল সড়ক ও অলিগলি আর্বজনা মুক্ত দেখা গেছে। পরিস্কার করা এলাকায় পানি ও ব্লিচিং পাউডার ছিটানো দেখা গেছে।
নগরীর শুলকবহর এলাকার বাসিন্দা সাইফুল আলম বলেন, “গলি থেকে দ্রুত ময়লা নিয়ে গেছে। কিন্তু মূল রাস্তা থেকে পুরো সরাতে বিকাল পেরিয়ে গেছে। ব্যবস্থাপনা মোটামুটি ভালো। ব্লিচিং পাউডার দেওয়ায় গন্ধ ছড়ায়নি।”
অন্যান্য বছরের মত এবারও সিসিসি নির্ধারিত ৩০৪ স্থানে পশু কোরবানি তেমন হয়নি। বেশিরভাগ স্থানই ছিল ফাঁকা।
মোবারক আলী বলেন, “চট্টগ্রামের দীর্ঘদিনের রেওয়াজ নিজ বাড়ির আঙ্গিনায় পশু কোরবানি দেওয়া। তাই তেমন সাড়া মেলেনি। আমরা জোরও খাটাতে পারি না। আগামীবার এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করব।”
সিসিসির পক্ষ থেকে ৩০ মাইক্রনের ২০ হাজার পলিব্যাগ সরবরাহ করায় কোরবানির পশুর ভুড়ি এবার সংগ্রহ করা সহজ হয়েছে বলেও দাবি করেন মোবারক আলী।
