র্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশসহ ৪ জন
চট্টগ্রামে পাঁচ হাজার ইয়াবাসহ র্যাবের হাতে ধরা পড়েছেন এক পুলিশ সদস্যসহ চারজন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেইটের কাছে একটি রেস্তোরাঁর নিচ থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন- পুলিশ কনস্টেবল উপল চাকমা (৪৫) এবং নান্টু দাশ (৪২), গিয়াস উদ্দিন (৪২) ও কামরুল ইসলাম (৩০)।
কনস্টেবল উপল চাকমা নগর পুলিশের বিশেষ শাখায় (সিটি এসবি) কর্মরত ছিলেন। এ ঘটনায় পাঁচলাইশ থানায় র্যাবের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে বলে পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, র্যাবের ডিএডি শহিদুল ইমলাম বাদী হয়ে মাদক আইনে ওই মামলা করেছেন।
সেখানে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেইটের কাছে কেন্টাকি রেস্টুরেন্টের নিচ থেকে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ২৬০টি ইয়াবা উদ্ধার করা হয়।
নগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার মনজুর মোরশেদ বলেন, আটক পুলিশ সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলার তদন্তের পাশাপাশি বিভাগীয় তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
