নাসিরাবাদের সেই গলিত লাশের নারী খুনের শিকার: পুলিশ
চট্টগ্রামের নাসিরাবাদে ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে দুই মাস আগে যে নারীর গলিত লাশ উদ্ধার করেছিল তাকে খুন করা হয়েছিল বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় শওকত আলী নামে ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, ওই নারী ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। পারিবারিক কলহের জেরে গত নভেম্বরে ওই নারীকে খুন করে সেপটিক ট্যাঙ্কে লাশ ফেলে দেয়া হয়েছিল।
শওকত চট্টগ্রামের খুলশী থানার বিহারী কলোনীর বাসিন্দা।
গত ৭ এপ্রিল রাতে নাছিরাবাদ হাউজিং সোসাইটির ৩ নম্বর রোডের একটি ভবনের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে সেখানে এক নারীর গলিত লাশ দেখতে পায় শ্রমিকরা। পরে বাড়ির মালিকের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছিল।
তখন পুলিশ জানিয়েছিল, লাশটি এতই গলিত ছিল যে ‘ট্যাংক থেকে তোলার সময় মাংস খসে পড়ছিল। পোশাকআশাকের কোনো অস্তিত্ব ছিল না।’
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ উদ্ধারের পর পাঁচলাইশ থানায় একটি মামলা হয়। গত ২৯ মে ‘ক্লু-লেস’ মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গোয়েন্দা পুলিশ মামলা তদন্তের দায়িত্ব নিয়ে যে ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে লাশ উদ্ধার করা হয়, তার পাশে একটি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নজরদারিতে রেখে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে।
উপ-কমিশনার আলী হোসেন জানান, কিছুদিন আগে ওই অফিসের ক্লিনার শওকতকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই সময় তিনি দাবি করেন, তার দ্বিতীয় স্ত্রী এক ব্যক্তির সাথে পালিয়ে গেছে।
“জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হলে সে মোবাইল ফোন বন্ধ করে সৈয়দপুর চলে যায়। চার-পাঁচদিন সেখানে অবস্থান করার পর শনিবার শওকত চট্টগ্রামে আসেন। ওই সময় তাকে খুলশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।”
শওকতের বরাতে গোয়েন্দা কর্মকর্তা আলী হোসেন বলেন, ভিকটিম নারী ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। ২০১৩ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। কয়েক বছর আলাদা থাকার পর তারা এক সাথে থাকতে শুরু করেছিল।
“পারিবারিক কলহের জেরে গত বছরের ৯ নভেম্বর শওকত ওই নারীকে শ্বাসরোধে খুন করে। পরে লাশটি খুলশী ডিজেল কলোনীর বাসা থেকে নাসিরাবাদ আবাসিক এলাকায় অফিসের কাছে নিয়ে আসেন। সেখানে একটি ভবনের পেছনে সেপটিক ট্যাঙ্কে লাশটি ফেলে গন্ধ না ছড়ানোর জন্য কেরোসিন ছিটিয়ে এবং ট্যাঙ্কের মুখে সিমেন্ট ঢালাই করে দেন।”
উপ-কমিশনার আলী হোসেন জানান, পচা গন্ধ বের হওয়ায় ভবন মালিক সেপটিক ট্যাঙ্কটি পরিষ্কার করাতে গিয়ে লাশটি দেখতে পান।
