ফেনীতে শিশু ধর্ষণের দায়ে পলাতক বৈদ্যের যাবজ্জীবন
চুরি যাওয়া পানির মোটর উদ্ধারে ‘সাধনার’ কথা বলে ফেনীতে এক মেয়েশিশুকে ধর্ষণের ঘটনায় বৈদ্য মো. হারুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা এই রায় দেন।
প্রতীকী ছবি
ট্রাইব্যুনালের পিপি খন্দকার আরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(১) ধারায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. হারুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
“জরিমানা অনদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছেন। হারুন শুরু থেকেই পলাতক।”
মামলার অন্য দুই আসামি এনামুল হক ও সবুরা বেগমকে খালাস দিয়েছেন আদালত।
মামলার এজাহারে বলা হয়, ২০১৬ সালের জানুয়ারি মাসে মেয়েশিশুটি (১১) তার মায়ের সঙ্গে ফেনীর ছাগালনাইয়াতে নানাবাড়িতে বেড়াতে যায়। ওই সময় নানাবাড়ির প্রতিবেশি এনামুল হকের একটি পানির মোটর চুরি হয়। পানির মোটর কে চুরি করেছে তা আয়না পড়া দিয়ে জানতে ওই বছরের ২১ জানুয়ারি স্থানীয় বৈদ্য মো. হারুনের কাছে যায় এনামুল ও তার স্ত্রী সবুরা।
আইনজীবী খন্দকার আরিফুল আলম বলেন, “আয়না পড়ার জন্য একজন কুমারী মেয়ে লাগবে বলে জানায় হারুন। পরদিন শিশুর মা বাড়িতে ছিলেন না, এনামুল ও সবুরা ওই মেয়ের খালাকে বলে তাকে নিয়ে বৈদ্যের কাছে যায়।
“তাদের বাইরে রেখে শিশুটিকে নিয়ে কক্ষে যায় হারুন। শিশুকে ধর্ষণ করলে তার চিৎকারে এনামুল ও সবুরা কক্ষে প্রবেশ করে। এ সময় হারুন পালিয়ে যায়।”
এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন।
মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ১১ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় দেয় আদালত।
