বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড: ‘ডিএনএ পরীক্ষার ফল পেতে মাসখানেক’
বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে শনাক্ত করা যায়নি এমন মরদেহের পরিচয় নিশ্চিতের জন্য ডিএনএ পরীক্ষার ফল পেতে স্বজনদের মাসখানেক অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত নিহত ৪৪ জনের মধ্যে ২৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
বাকিদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের কাছ থেকে নমুনা নেওয়া হয়েছে। এছাড়া কয়েকজন নিখোঁজও রয়েছেন।
দুর্ঘটনার পর যাদের মৃতদেহ উদ্ধার করা হচ্ছে সেগুলো পুড়ে এতোটাই বিকৃত হয়েছে যে চোখে দেখে বা আলামত যাচাই করে পরিচয় নিশ্চিত করা কঠিন বলে জানান কর্মকর্তারা।
সিআইডির ফরেনসিক ল্যাবের কর্মকর্তারা জানান, ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে প্রোফাইল তৈরি এবং মেলানো একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। ব্যক্তির ডিএনএ প্রোফাইলের মাধ্যমে পরিচয় শনাক্ত করতে অন্তত মাস খানেক সময় দরকার। ক্ষেত্রবিশেষে আরও বেশি সময় লাগতে পারে।
মৃতদেহের পরিচয় শনাক্ত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘মরদেহের দাবি নিয়ে আসা’ স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। মঙ্গল ও বুধবার ২২ জনের মৃহদেহের বিপরীতে ৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে শনাক্ত হয়েছে এমন কয়েকজনের স্বজনদের নমুনাও নেওয়া হয়েছে।
সিআইডি ফরেনসিক ল্যাবের পরীক্ষক মো. নাজমুল আলম টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “পরিচয় শনাক্তের জন্য ‘ক্রাইম সিন স্যাম্পল’ ও ‘রেফারেন্স স্যাম্পল’ সংগ্রহ করা হয়েছে। মৃতদেহের শরীর থেকে যে ধরনের নমুনা সংগ্রহ করা হয় সেগুলোকে ‘ক্রাইম সিন স্যাম্পল’ এবং স্বজনদের কাছ থেকে সংগ্রহ করা নমুনাকে বলা হয়ে থাকে ‘রেফারেন্স স্যাম্পল’।”
রেফারেন্স স্যাম্পলে মৃতদেহের স্বজনের রক্ত, লালা এবং ক্রাইম সিন স্যাম্পলে মৃতদেহের দাঁত, হাড়, চুল, নখ, টিস্যু সংগ্রহ করা হয় বলে জানান তিনি।
বিএম ডিপোতে নিহতদের নমুনা সংগ্রহ করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক চিকিৎসকরা এবং স্বজনদের নমুনা সংগ্রহ করছেন সিআইডির ফরেনসিক ল্যাবের সদস্যরা।
সিআইডির ফরেনসিক ল্যাবের পরীক্ষক নাজমুল জানান, “সংগ্রহ করা দুই ধরনের নমুনা থেকে ‘জেনেটিক এনালাইজার’ মেশিনের মাধ্যমে ডিএনএ প্রোফাইল তৈরি করা হয়। প্রোফাইলগুলো ‘কোডিস’ ও ‘লিন্স’ নামে দুটি ডিএনএ ম্যাচিং সফটওয়ারের মাধ্যমে সংরক্ষণ ও মেলানো হয়।”
এই ডিএনএ প্রতিবেদন পেতে এক মাসেরও বেশি সময় লেগে যায় বলে জানান তিনি।
ফরেনসিক ল্যাবের কর্মকর্তারা জানান, ডিএনএ’র নমুনা মেলানোর ক্ষেত্রে স্বজনদের মধ্যে বেশি প্রাধান্য দেয়া হয় বাবা, মা ও সন্তানদের। এর পরের পর্যায়ে ভাই-বোন এবং এদের কোনটিই না পেলে স্ত্রী। তবে এক্ষত্রে অবশ্যই স্ত্রীকে তার সন্তানের মা হতে হবে।
তারা আরও বলেন, ‘ক্রাইমসিন স্যাম্পলে’ সংগ্রহ করা মৃতদেহের দাঁত, হাড়, চুল, নখ, টিস্যু যেকোন একটি নিয়ে কাজ শুরু হয়, এতে ফল আসলে অন্য উপকরণের পরীক্ষার প্রয়োজন হয় না। কিন্তু ফলাফল না পেলে পরে অন্য উপকরণগুলো নিয়েও পরীক্ষা করতে হয়। এভাবে ফল না আসা পর্যন্ত একের পর এক সব উপকরণ পরীক্ষা করা হয়, যা একটি সময় সাপেক্ষ বিষয়।
এছাড়া স্বজনদের কাছ থেকে সংগ্রহ করা নমুনা পরিস্কার না হলে, নতুন করে তা সংগ্রহ করতে হয় বলেও জানান কর্মকর্তারা।
শনিবার রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে বেসরকারি ওই কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণে তা ছড়িয়ে পড়ে। গত তিন দিন ধরে সেখানে আগুন নেভানো ও উদ্ধার কাজ চালিয়ে আসছেন ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মীরা।
ওই ঘটনায় রোববার পর্যন্ত ফায়ার সার্ভিসের নয় কর্মীসহ ৪১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল জেলা প্রশাসন। মঙ্গলবার ডিপোর পোড়া ধ্বংসস্তূপ থেকে দুজনের দেহাবশেষ উদ্ধার করার কথা জানায় ফায়ার সার্ভিস। বুধবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডিপোর এক কর্মী।
এ ঘটনায় হতাহতের বেশিরভাগই ফায়ার সার্ভিস কর্মী, ডিপোর শ্রমিক-কর্মচারী, কন্টেইনারবাহী গাড়ির চালক-সহকারী ও শ্রমিক। আহতদের মধ্যে একশর বেশি মানুষ চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক।
আরও খবর
