চমেকে শিক্ষানবিশ চিকিৎসকদের ‘মারধরের শিকার’ নার্সদের বিক্ষোভ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে বিক্ষোভ করেছে নার্সরা।
মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে (অর্থপেডিক সার্জারি) মারধরের ঘটনার পর হাসপাতালের গোল চত্বরে বিক্ষোভ শুরু করে নার্সরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ৫টার দিকে পঞ্চম বর্ষের দুই শিক্ষার্থী এক রোগীকে ভর্তি করাতে ২৬ নম্বর ওয়ার্ডে যান। এ সময় নার্সিং ডেস্কে থাকা আকলিমা খাতুন রোগীর নাম ও রোগীর সঙ্গে থাকা ব্যক্তির ফোন নম্বর লিপিবদ্ধ করতে তথ্য জানতে চান।
কথা বুঝতে না পেরে দ্বিতীয়বার জিজ্ঞাসা করায় ওই শিক্ষার্থীরা আকলিমা খাতুনকে গালাগালি করেন বলে নার্সদের অভিযোগ।
তারা বলেন, এ সময় ডেস্কে থাকা আব্দুল্লাহ হেল কাফি প্রতিবাদ করায় তাকে মারধর করেন দুই শিক্ষার্থী। বাধা দিতে গেলে রীতা দাশ নামে এক নার্সও মারধরের শিকার হন।
ওই ওয়ার্ডের ট্রেইনার ইনচার্জ মজনু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই শিক্ষার্থীরা নার্সদের মারধর করার সময় ওয়ার্ডে দায়িত্বে থাকা চিকিৎসক তাদের সরিয়ে নিয়ে যায়। এ সময় তারা ফোন করে আরও কয়েকজন ইন্টার্ন ডাক্তারকে নিয়ে আসেন। তারা এসে ওয়ার্ডের দায়িত্বে থাকা নার্সদের মারধর করেন।
“বিষয়টি পরিচালককে ফোনে জানানোর পর এক উপ-পরিচালক ও এক সহকারী পরিচালক ওয়ার্ডে এসে বিষয়টি মীমাংসা করে। তাদের সামনেও তারা (শিক্ষানবিশ চিকিৎসক) নার্সদের গায়ে হাত তোলে।”
হাসপাতালের উপ-পরিচালক অংসু প্রুই মারমা সাংবাদিকদের জানান, দুই পক্ষের সাথে কথা বলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নার্সদের ভাষ্য, ওই ওয়ার্ডে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আটজন গুরুতর আহত রোগী চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পর থেকেই তারা টানা দায়িত্ব পালন করছেন ওয়ার্ডে। হামলায় আহত নার্স রীতা দাশ অন্তঃসত্ত্বা, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শিক্ষানবিশ চিকিৎসকদের বক্তব্য জানা যায়নি।
