চট্টগ্রামে গিয়ে দগ্ধদের দেখে ৩ জনকে ঢাকায় পাঠাতে বললেন ডা. সামন্ত লাল
সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে দগ্ধ যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন, তাদের মধ্যে তিনজনের অবস্থা 'আশঙ্কাজনক' জানিয়ে তাদের ঢাকায় পঠানোর পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
সোমবার চট্টগ্রামে গিয়ে তিনি দগ্ধ ও আহতদের অবস্থা ঘুরে দেখেন এবং বার্ন ইউনিটে চিকিৎসাধীন তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা করানো প্রয়োজন বলে মত দেন।
শনিবার রাতের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪১ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। আহত ও দগ্ধদের মধ্যে মোট ২১০ জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিয়েছেন, তাদের ১০২ জন এখনও ভর্তি আছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।
সোমবার ঢাকা থেকে বন্দর নগরীর বার্ন ইউনিটে দগ্ধ রোগীদের দেখতে আসেন চিকিৎসক সামন্ত লাল সেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই চিকিৎসক।
এ হাসপাতালের বার্ন ইউনিটের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখার পর ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল বলেন, “আমরা তিনজনকে আইডেন্টিফাই করেছি। তাদের ঢাকায় নিয়ে যাওয়া উচিত। আত্মীয়স্বজন রাজি হলে নিয়ে যাওয়া হবে। তাদের বার্ন আইসিইউ দরকার।”
এ হাসপাতাল বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমদ জানান, ডিপোর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে আহত ও দগ্ধদের মধ্যে যে ১০২ জন এখনও ভর্তি আছেন, তাদের ৪৩ জন আছেন বার্ন ইউনিটে।
তাদের মধ্যে ‘অল্প পুড়েছে’- এমন অনেক রোগীকে এখন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যাবে বলে মনে করছেন ডা. সামন্ত লাল।
তিনি বলেন, “শরীর ১০ শতাংশের বেশি পুড়লে সেটিকে আমরা 'মেজর বার্ন 'বলি। ঢাকায় নিয়ে যাওয়ার জন্য তিনজনের মধ্যে একজনের ২৫ শতাংশ, বাকি দুইজনের ২০ ও ১৫ শতাংশের মত পুড়ে গেছে। তাদের সকলের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।"
বাকিদের শরীরের অবস্থা 'ভালো' জানিয়ে এই চিকিৎসক বলেন, তাদের শরীরে ৩ থেকে ১৫ শতাংশ পুড়ে গেছে।
ডিপোতে বিস্ফোরণের পর রাসায়নিকের ধোঁয়ায় যাদের চোখে সমস্যা তৈরি হয়েছে, তাদের চোখের চিকিৎসকের মাধ্যমে ‘ফলোআপ’ করা প্রয়োজন বলে মত দেন সামন্ত লাল সেন।
তিনি বলেন, “অনেকে তাকাতে পারছেন না। তবে রোগীদের মূলত ধোঁয়ার কারণে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্ন রোগীদের আইলেশনে রাখতে হয়।”
চট্টগ্রামের দগ্ধদের মধ্যে ১৬ জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। সামন্ত লাল জানান, অগ্নিকাণ্ডের পর থেকেই তিনি চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি চট্টগ্রামে এসেছেন।
“আহত ও দগ্ধদের ট্রিটম্যান্ট প্ল্যান করতেই এখানে আসা। প্রধানমন্ত্রী বলেছেন, বার্ন রোগীর চিকিৎসায় যেন কোনো অবহেলা না হয়।”
হঠাৎ করে এত দগ্ধ রোগীর কারণে চাপ বাড়লেও চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা সেবার কোনো ঘাটতি হচ্ছে বলে মনে করেন না সামন্ত লাল সেন। তবে পর্যাপ্ত ব্যবস্থা থাকলে রোগীদের ঢাকায় নিয়ে যাওয়ার কোনো দরকার হত না বলে তার ভাষ্য।
চট্টগ্রামে ১০০ শয্যার পূর্ণাঙ্গ বার্ন ইউনিট করার পরিকল্পনা আছে জানিয়ে সামন্ত লাল বলেন, হাসপাতালের জন্য প্রস্তাবিত জায়গা ছিল চারটি, এখন জায়গা নির্ধারিত হয়েছে।
“এখন প্রধান ছাত্রাবাসের উত্তর পশ্চিম পাশের স্থান নির্বাচন হয়েছে।… এটি হলে বার্ন বেশি হওয়া রোগীদের আর ঢাকায় পাঠাতে হবে না।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান ছাড়াও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা এ সময় উপস্থিত ছিলেন।
