২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চমেক: স্বেচ্ছাসেবকদের ভিড়ে চিকিৎসায় ‘বিড়ম্বনা’

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য যেসব স্বেচ্ছাসেবক কাজ করছেন, তাদের তৎপরতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবা ব্যাহত হওয়ার অভিযোগ করছেন চিকিৎসাকর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2022, 08:11 PM

Updated : 25 Oct 2022, 10:42 AM

শনিবার রাতে ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের পর একের পর এক হতাহত ব্যক্তিকে আনা হতে থাকে চট্টগ্রাম মেডিকেলে।

তখন থেকে রেড ক্রিসেন্টের পাশাপাশি বিভিন্ন সংগঠনের কর্মীরা হতাহতদের সেবায় যুক্ত হতে শুরু করেন। রোববার সকালে হাসপাতালে স্বেচ্ছাসেবকদের ভিড় আরও বেড়ে যায়।

এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনরে কর্মীরাও স্বেচ্ছাসেবকদের দলে নাম লেখান। ওইসব দলের নেতাদের সঙ্গে তাদের কর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে।

রাতে জরুরি বিভাগে অতিরিক্ত মানুষের উপস্থিতিতে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে সমস্যা বোধ করছিলেন চিকিৎসাকর্মীরা।

এক পর্যায়ে হাসপাতালে কাউন্টার থেকে বারবার মাইকে জরুরি বিভাগের বারন্দা খালি করতে বলা হলেও কেউ কর্ণপাত করছিল না।

সকালে স্বেচ্ছাসেবকদের ভিড়ে চিকিৎসার বিড়ম্বনা আরও বাড়তে থাকে। হাসপাতালের প্রধান ফটক থেকে জরুরি বিভাগের ফটক পর্যন্ত মূল সড়কে দাঁড়িয়ে গাড়ি নিয়ন্ত্রণ, হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখলেই অযাচিত চিৎকার-চেঁচামেচি, স্ট্রেচার নিয়ে টানাটানি করতে দেখা যায় স্বেচ্ছাসেবকদের।

হাসপাতালের জরুরি বিভাগের মূল ফটকে স্বেচ্ছাসেবক লেখা টি শার্ট ও গাউন পরে কয়েকশ তরুণ-তরুণী সকাল থেকে অবস্থান করছিলেন। তারা হুটহাট জরুরি বিভাগেও ঢুকে পড়ছিলেন। তাদের কারণে হাসপাতালে ভর্তি অন্য রোগী ও তাদের স্বজনদেরও ঢুকতে বেগ পেতে হচ্ছিল।

হাসপাতালের বার্ন ইউনিটের দায়িত্বরত একাধিক চিকিৎসক বলেন, রোগীদের ওষুধসহ বিভিন্ন কিছু সংগ্রহ করে দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা। কিন্তু তাদের অযাচিত কিছু আচরণ বিড়ম্বনা সৃষ্টি করছে রোগীদের জন্যই।

স্বেচ্ছাসেবকদের অনেকেই রোগীদের ওয়ার্ডে নিয়ে আসার জন্য টোকেন সংগ্রহ করে রোগীর স্বজনকে না দিয়ে নিজেদের কাছে রেখে দিচ্ছেন। যে কারণে রোগীদের সঙ্গে টোকেন পাচ্ছেন না বলে জানান চিকিৎসকরা।

মাইকে আহ্বান জানিয়ে কাজ না হওয়ায় হাসপাতালের পক্ষ থেকে পুলিশের হস্তক্ষেপ চাওয়া হলে পুলিশ সদস্যদের তৎপর হতে দেখা যায়।

হাসপাতালে দায়িত্বে থাকা নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে তারা (স্বেচ্ছাসেবক) সবাই হাসপাতালে এসেছেন। কিন্তু তাদের সংখ্যা এত বেশি হয়ে যাওয়ায় বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। আমরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।”

এরপর রাত ৮টায় মেডিকেল কলেজ হাসপাতালে মিলিটারি পুলিশ সদস্যরা এসে অপ্রয়োজনে জড়ো হওয়া ব্যক্তিদের সরিয়ে দেয় এবং হাসপাতালের জরুরি বিভাগের দুটি ফটকের একটি দিয়ে আসা-যাওয়া নিয়ন্ত্রণ করতে শুরু করে। জরুরি বিভাগের সামনে গাড়ি নিয়ন্ত্রণকারী তরুণদেরও সরিয়ে দেয় তারা।

এতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং ভোগান্তি কমে রোগী ও স্বজনদের।