রোজায় ‘অতি মুনাফা’ ঠেকাতে ‘নজরদারির’ আহ্বান
রমজানে ব্যবসায়ী সিন্ডিকেট ‘অতি মুনাফা’ অর্জনের ‘জাল বিস্তার’ করেছে দাবি করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিত্যপণ্যের বাজারে কার্যকর ‘নজরদারির’ আহ্বান জানিয়েছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ।
শনিবার সন্ধ্যায় রমজান উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
বিবৃতিতে নেতারা বলেন, “সিয়াম সাধনার এই মাসে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করার উদ্দেশ্যে মজুদ ও নানাবিধ অজুহাতে অযৌক্তিভাবে দাম বৃদ্ধি করার জন্য অশুভ ব্যবসায়ী সিন্ডিকেট ঘৃণ্য অপতৎপরতা শুরু করেছে।
“তারা ইতোমধ্যেই নিত্যপণ্যের স্বাভাবিক সরবরাহ থাকা সত্ত্বেও রমজান মাসে রোজাদারদের ও সকল শ্রেণিকে শোষণ করার জন্য অতি মুনাফা অর্জনের জাল বিস্তার করেছে।”
এদের ‘দমনে’ সরকার কিছু পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে নেতারা বিবৃতিতে বলেন, “আশা করি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কার্যকর মনিটরিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”
রমজান মাসে সরকারি সেবা সংস্থা বিশেষ করে সিটি কর্পোরেশন, পিডিবি, ওয়াসা ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডসহ অন্যান্য সরকারি সেবা নির্বিঘ্ন রাখতে বিবৃতিতে আহ্বান জানানো হয়।
“আশাকরি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে অপরাধমূলক সামাজিক অপরাধ, অপতৎপরতা রোধ কল্পে তৎপর হয়ে সামাজিক শৃঙ্খলা ও সুরক্ষাকে নিশ্চিত করবে। যানজটের মতো একটি দুর্বিষহ যন্ত্রণাকেও নিরসন করতে পদক্ষেপ গ্রহণে ট্রাফিক কর্তৃপক্ষকে সার্বক্ষণিক টিমওয়ার্ক চলমান রাখতে হবে।”
নগরবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়ে মাহতাব ও নাছির বলেন, “করোনাকাল এবং নানাবিধ কারণে বিগত দুই বছর পবিত্র রমজান আমরা ধর্মীয় ঐহিত্য ও স্বাভাবিক রীতিনীতি অনুযায়ী পালন করতে পারিনি।”
তবে এবার কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় নামাজ, রোজা পালনে আগের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন নেতারা।
