চট্টগ্রামে দেয়াল ধসে আহত ৬
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার চৌমুহনি এলাকায় সীমানা দেয়াল ধসে নারী- শিশুসহ ছয়জন আহত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে হাসমত আলী শালকরের পেছনে ইসমাইলের নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আনোয়ারা বেগম (৮৫), নার্গিস সুলতানা (৩৫), রমজান (৬৫), জান্নাতুল মিতা (আড়াই বছর), হোসনে আরা বেগম (৫৫) ও জাভেদ (১০)।
এদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর তিনজনকে মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হয়।
ডবলমুরিং থানার ওসি আবুল কাশেম ভূইয়া জানান, “দুপুরের দিকে দেয়ালটি ধসে পড়ে। পুরনো দেয়াল হওয়ায় এবং নির্মাণাধীন ভবনের মাটি দেয়ালের দিকে ভরা করে রাখায় এ দুর্ঘটনা ঘটতে পারে।”
ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।
