চট্টগ্রামে বাসচাপায় শিশুর মৃত্যু
চট্টগ্রামে বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার পথে বাসচাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে নগরীর শাহ আমানত সেতুর উত্তরপ্রান্তে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।
নিহত আদিবের (৭) বাড়ি চন্দনাইশ উপজেলায়। ওই এলাকার মৃত সায়েম মাহমুদের ছেলে আদিব নগরীর হালিশহর থানাধীন মইন্যাপাড়া এলাকার আরেবিয়া আলেফ দারুল ফোরকান ইসলামিয়া একাডেমির হেফজখানায় লেখাপড়া করত।
আদিবের চাচা হেফাজতখানার শিক্ষক মো. শাহজালাল জানান, রোজার আগে ভাতিজাকে নিয়ে হেফাজতখানায় যাওয়ার উদ্দেশে পথে বেরিয়েছিলেন তিনি।
“আমরা চন্দনাইশ থেকে গাড়িতে করে শাহ আমানত সেতু এলাকায় নামার পর হালিশহর যাবার জন্য সিএনজি অটো রিকশার অপেক্ষায় ছিলাম। এসময় একটি দ্রুতগামী বাস আদিবকে চাপা দেয়।”
ঘটনার পর গুরতর অবস্থায় আদিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।
