চবি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে প্রত্যয়-তিতাস
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংসদের সভাপতি পদে প্রত্যয় নাফাক ও সাধারণ সম্পাদক হিসেবে আবীর এইচ তিতাস নির্বাচিত হয়েছেন।
শুক্রবার চবি সাংসদের ৩২তম সম্মেলনের দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক কাউন্সিলে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ সদস্য ও চবি সংসদের সদ্যবিদায়ী সভাপতি গৌরচাঁদ ঠাকুর অপু নতুন কমিটি ঘোষণা করেন।
সংসদের অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সৈয়দ কৌশিক, সাজাং চাকমা, সহকারী সাধারণ সম্পাদক স্নেহাশিস ঘোষ, সাংগঠনিক সম্পাদক কিশোর বড়ুয়া ধ্রুব, কোষাধ্যক্ষ অনিক তালুকদার, দপ্তর সম্পাদক ইফাত উদ্দিন আহমেদ ইমু, শিক্ষা ও গবেষণা সম্পাদক সুদীপ্ত চাকমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রাবণী হাজং, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিরাজ মিঠু, সাংস্কৃতিক সম্পাদক অর্ক বড়ুয়া।
সম্মেলনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, মহামারীর কারণে সবকিছু স্থবির হয়ে পড়েছে। আমরা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি এবং সফলও হয়েছি।
“ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সকল সাংগঠনিক কাজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ পাশে থাকবে বলে আশা করছি।”
কাউন্সিল অধিবেশনের সঞ্চালনায় ছিলেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সৌরভ ধর। সভাপতিত্ব করেন গৌরচাঁদ ঠাকুর অপু।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সদস্য ও চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি এ্যানি সেন, রাঙামাটি জেলা সংসদের সাধারণ সম্পাদক প্রান্ত রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি রাশিদুল সামি প্রমুখ।
