খাল ভরাট করে স্থাপনা, ৭ দিনের দণ্ড
খাল ভরাট করে স্থাপনা নির্মাণের দায়ে চট্টগ্রামের বাঁশখালীতে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার উপজেলার মোহাব্বত পাড়ায় শীলকূপ খাল ভরাট করে স্থাপনা নির্মাণ করায় ওই আদেশ দেওয়া হয় বলে জানান বাঁশখালী উপজলোর সহকারী কমশিনার (ভূমি) উমর ফারুক।
দণ্ডিতের নাম মো. ফয়েজ উল্লাহ (৫১)।
উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শীলকূপ খালটি জালিয়া খালের সঙ্গে সংযুক্ত। এ খালটি বর্ষার সময় জমিতে পানি নেওয়া এবং এলাকার পানি নিষ্কাশনের অন্যতম পথ।
“ওই এলাকায় খালটির একাংশ ভরাট করে স্থাপনা নির্মাণ করছিলে ফয়েজ। এলাকাবাসী বাধা দিলে তিনি তাদের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। স্থানীয়রা এ নিয়ে উপজলোর প্রশাসনের কাছে অভিযোগ দেন।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, “বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখতে পাই, খাল ভরাট করে পাকা স্থাপনা নির্মাণ করছিলেন ফয়েজ। তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তিনদিনের মধ্যে ভরাট করা মাটি অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।”
