২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীদের ভারতীয় ভিসা সমস্যা সমাধানের আশ্বাস

দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্কোন্নয়নে ভিসা সংক্রান্ত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন ভারতের সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2022, 10:00 PM

Updated : 02 Aug 2022, 03:15 PM

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম চেম্বারে ‘ইন্ডিয়া-বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

রাজীব রঞ্জন বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগে সহযোগিতার লক্ষ্যে এ বৈঠক; যাতে করে দুই দেশের ব্যবসায়ীরা খোলামনে বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত মতবিনিময় করতে পারেন।”

ভবিষ্যতে গুরুত্বপূর্ণ বিভিন্ন খাত নিয়ে আলাপ-আলোচনার ভিত্তিতে বিভিন্ন জটিল সমস্যার সমাধান এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক পরিবেশ উন্নয়ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে মূল মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজকিরণ কানাগালা ও ঢাকায় ভারতীয় হাই কমিশনের দ্বিতীয় সচিব (কমার্স) ড. প্রমেশ বাসল।

চট্টগ্রাম চেম্বার ও ভারতীয় সহকারী হাই কমিশন, চট্টগ্রামের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, বর্তমান পরিচালক অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, শাহরিয়ার জাহান, বিএসআরএম গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হুসেইন, রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিকস’র চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ, শান ট্রেডিং কর্পোরেশনের পরিচালক মো. হাসান, বার্জার পেইন্টস লিমিটেডের হেড অব ইন্ডাস্ট্রিয়াল সৈয়দ মোহাম্মদ নাসিম।