সীতাকুণ্ডে তৃতীয় শ্রেণির শিশুকে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থেকে বুধবার রাতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম শাহীন, বয়স ১৯ বছর। তার বাড়ি সীতাকুণ্ডের ইয়াসিন নগর এলাকায়।
প্রতিবেশী নয় বছর বয়সী এক শিশুকে ‘ধর্ষণ করে’ সে সীতাকুণ্ড থেকে পালিয়ে জোরারগঞ্জে দুঃসম্পর্কের এক মামার বাড়িতে আশ্রয় নিয়েছিল বলে জানান র্যাব কর্মকর্তা মাহফুজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত ২৩ মার্চ মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় মেয়েটিকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে শাহীন। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। ওই সময় কৌশলে পালিয়ে যায় শাহীন।
এ ঘটনায় শিশুটির বাবা থানায় অভিযোগ করলে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয় এবং ‘ধর্ষণের আলামত’ পাওয়ায় ২৭ মার্চ সীতাকুণ্ড থানায় মামলা করা হয়।
ওই মামলাতেই শাহীনকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান মাহফুজ।
