২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চমেকে চিকিৎসাধীন কারাবন্দি যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজতি এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2022, 06:59 PM

Updated : 28 Apr 2022, 11:58 PM

গত মঙ্গলবার রাতে মো. শাহজাহান (৪৭) নামে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ ক্রীড়া সম্পাদকের মৃত্যু হয়, যিনি ২০২১ সালের অক্টোবর থেকে কারাগারে আটক ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহজাহান অসুস্থ অবস্থায় কয়েদিন কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

মাদক আইনে বায়েজিদ বোস্তামী থানার একটি মামলায় ২০২১ সালের ২১ অক্টোবর থেকে কারাগারে ছিলেন শাহজাহান। তার বিরুদ্ধে বিচারাধীন মোট ছয়টি মামলা আছে বলে কারাগারের কর্মকর্তারা জানান।

নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৯০ এর দশকে বায়েজিদ থানা ছাত্রদলের নেতা ছিলেন শাহজাহান। পরে মহানগর যুবদলের সহ ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

মৃত শাহজাহান নগর বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরীর ব্যক্তিগত সহকারী ছিলেন বলেও জানান ইদ্রিস।

ষড়যন্ত্রমূলকভাবে তাকে আটক করে পুলিশ মাদক মামলায় ফাঁসিয়েছে বলে অভিযোগ বিএনপির।

শাহজাহানের মৃত্যুতে শোক প্রকাশ করে উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

তারা বলেন, শাহজাহানকে ষড়যন্ত্রমূলকভাবে কারাগারে আটকে রেখে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে প্রশাসন।