হরতালকারীদের ওপর ‘অপশক্তি’ ভর করেছে: নাছির
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হরতাল আহ্বানকারী ‘কথিত বামদের’ ওপর স্বাধীনতাবিরোধী ‘বিএনপি-জামায়াত অপশক্তি’ ভর করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
সোমবার নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, “আমরা হরতালের বিরোধী নই। এটা গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার প্রধান হাতিয়ার। তবে হরতাল আহ্বান যৌক্তিক হতে হবে। জনগণ যদি হরতাল আহ্বানকারীদের ডাকে সাড়া দেয়, তাহলে বলার কিছু নেই, আমরাও স্বাগত জানাব।
“হরতাল আহ্বানকারী বাম গণতান্ত্রিক জোটভুক্তদের অনেকেই মহান মুক্তিযুদ্ধে শরিক ছিলেন। তারা জানেন বিএনপি-জামায়াতের আসল রূপ কী? এরা দেশকে এখনও পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে। জিয়া ও মোশতাক বঙ্গবন্ধুর খুনিদের সুরক্ষা দিয়েছে। ইনডেমনিটি আদেশকে জিয়া আইন হিসেবে গণ্য করে পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য অপবাদের নজির স্থাপন করেছে।”
হরতালবিরোধী অবস্থান কর্মসূচির বিষয়ে যুক্তি তুলে ধরতে গিয়ে নাছির বলেন, “অত্যন্ত দুঃখের বিষয়, এই ঘৃণ্য বিএনপি-জামায়াত কথিত বাম ও প্রতিবাদীদের ওপর ভর করে অবৈধ পন্থায় ক্ষমতা দখল করে এদেশকে পাকিস্তান বানাতে চায়।
“আমরা আপনাদের হরতাল বিরোধিতা করার জন্য মাঠে নামিনি, তবে হরতালের নামে স্বাভাবিক নাগরিক জীবন ধারায় অচলাবস্থা সৃষ্টি হলে এবং কোনো ধরনের আতঙ্ক দেখা দিলে আমরা দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে সতর্কতামূলক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
সংক্ষিপ্ত বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “করোনা অতিমারী এবং রুশ-ইউক্রেন যুদ্ধ যে বৈশ্বিক মানবিক বিপর্যয় ডেকে এনেছে, তা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উদ্ধার করেছেন। সারা বিশ্ব যখন ভালো নেই, তার চেয়ে বাংলাদেশ অনেক ভালো আছে।
“তারপরও নিত্যপণ্যের দাম বৃদ্ধির অজুহাতে যারা হরতাল ডেকেছেন, তাদের দেশপ্রেমে ঘাটতি আছে।”
নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় দলীয় কার্যালয়ে এ সভায় অন্যদের মধ্যে নগর কমিটির সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, উপদেষ্টা শফর আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের বক্তব্য দেন।
