মুক্তিযুদ্ধের ইতিহাস আওয়ামী লীগই বিকৃত করছে: ফখরুল
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে বলে অভিযোগ করেছন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “তারা এক ব্যক্তির ইতিহাস বানাচ্ছে। সে ব্যক্তি তো দেশেই ছিলেন না। দেশে ছিলেন জিয়াউর রহমান। আর সৈনিকেরা যুদ্ধ করেছিলেন।”
রোববার বিকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি।
এদিন সকালে কালুরঘাট বেতার কেন্দ্রে ফুল দিতে পুলিশের বাধা পাওয়ার পর ফিরে এসে বিকালে পলোগ্রাউন্ডের সমাবেশে যোগ দেন ফখরুল।
একাত্তরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পড়েছিলেন, দলের প্রতিষ্ঠাতার স্মৃতিবিজড়িত সেই স্থান তাই বিএনপির কাছে গুরুত্বপূর্ণ।
তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি ‘অসৎ উদ্দেশ্যে’ স্বাধীনতার ঘোষণার ‘নাটক’ সাজাতে চায়।
ফখরুল বলেন, “আওয়ামী লীগের মূল লক্ষ্য ছিল জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলা। কিন্তু তারা তা পারেনি।
“জিয়াউর রহমান আমাদের হৃদয়ে আছেন, এদেশের মানুষের হৃদয়ে আছেন। তাদের বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়… সবাইকে মনে করে দিয়ে দিতে হয় এ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, অন্য কেউ নয়।”
“মুক্তিযুদ্ধে অনেকের অবদান আছে। আমরা কারও অবদান অস্বীকার করতে চাই না। প্রত্যেককে প্রত্যেকের অবদান স্বীকার করতে হবে, কৃতজ্ঞ চিত্তে স্বীকার করতে হবে,” বলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন, “যে বেতার কেন্দ্রে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে ঘোষণা শুনে দেশবাসী স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সে স্থানে আমাদের যেতে দেয়নি আওয়ামী লীগ সরকারের পেটোয়া বাহিনী। আওয়ামী লীগ ভয় পেয়ে আমাদের যেতে দেয়নি।”
তিনি বলেন, “আজ যখন ইতিহাসের সত্য বলতে যাই, আওয়ামী লীগের গায়ে জ্বালা ওঠে। কারণ যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল, আওয়ামী লীগের নেতারা ব্যর্থ হয়েছিলেন, সেখানে একজন মেজর জিয়া সফল হয়েছিলেন।”
সমাবেশের সভাপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রতি বছর ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে সমাবেশ করার ঘোষণা দেন।
তিনি বলেন, “আমরা আজকে শান্তি শৃঙ্খলার জন্য তাদের সাথে সংঘর্ষে যাইনি। এখানে লক্ষাধিক লোক নিয়ে সমাবেশ করছি, ওখানে তারা ২০০-৩০০ লোক নিয়ে বেতারকেন্দ্রের সামনে বসে আছে।”
স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগ নেতারা যখন ‘আত্মসমর্পণ’ করেছিলেন, তখন জিয়ার আবির্ভাব ঘটেছিল মন্তব্য করে আমীর খসরু বলেন, “দেশের মানুষ মেজর জিয়ার ঘোষণা শুনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমান ফ্রন্ট লাইনার হিসেবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।”
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা জয়নাল আবদীন ফারুক, গোলাম আকবর খন্দকার, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামা ওবায়েদ, চট্টগ্রাম নগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
পুলিশকে হুঁশিয়ারি
খালেদা জিয়াকে নিয়ে ‘ঔদ্ধত্যপূর্ণ’ মন্তব্য না করতে পুলিশকে হুঁশিয়ার করেছেন বিএনপি মহাসচিব ফখরুল।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দেন তিনি।
ফখরুল বলেন, “১৯৭১ সালের মার্চে তিনি দুই সন্তান নিয়ে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ছিলেন। ২৫ মার্চ রাতে জিয়াউর রহমান যখন বাইরে গিয়েছিলেন, তখন তার ব্যাটেলিয়নের লোকজনকে নিরস্ত্র করার জন্য পাকিস্তান সেনাবাহিনীর লোকজন তার (জিয়া) ঘরে এসেছিল।
“তখন দেশনেত্রী তাদের বলেছিলেন, জিয়াউর রহমান না ফেরা পর্যন্ত তিনি তার অস্ত্র দেবেন না। তারপর জিয়াউর রহমান বাসায় ফিরতে পারেননি। তিনি বিদ্রোহ ঘোষণা করে চলে গিয়েছিলেন কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতা ঘোষণা করতে।”
ডিএমপি কমিশনারের দিকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, “খালেদা জিয়া যখন কারাগারে ছিলেন, তখন আপনারা পকিস্তান সরকারের ভাতা খেয়েছেন।
“পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা পুলিশের চাকরি করেন, আইজিপি হন আর কমিশনার হন, আপনারা জনগণের সেবক। আপনারা ভেবেছেন সারা জীবন এ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে! আপনাদের সমস্ত অন্যায়গুলো প্রশ্রয় দিয়ে যাবে! কিন্তু হবে না।”
তিনি বলেন, “ইতোমধ্যে তো র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা এসেছে। এখন অপেক্ষা করেন আরও কী কী আসে। এরপর জনগণের নিষেধাজ্ঞা আসবে আপনাদের উপরে।
“সাবধান হয়ে যান। ঔদ্ধতপূর্ণ, অশালীন কথা বলবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সম্পর্কে অথবা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তি করলে এ দেশবাসী আপনাদের ক্ষমা করবে না।”
