২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্বাধীনতা দিবস উদযাপন

চট্টগ্রামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2022, 07:46 PM

Updated : 25 Oct 2022, 10:20 AM

শনিবার সকালে নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের মাঠে স্থাপিত বিকল্প শহীদ মিনারে বিউগলের সুরে শুরু হয় দিনের কর্মসূচি।

সেখানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। তার সঙ্গে ছিলেন ওয়ার্ড কাউন্সিলররা।

এরপর চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি দপ্তর কর্মকর্তা-কর্মচারীরা।

বরাবরের মত স্বাধীনতা দিবস উপলক্ষে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে প্রশাসনের উদ্যোগে ডিসপ্লেতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে প্যারেড মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী হয়।

স্বাধীনতা দিবসে নগরীর বড়পোল মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মারক ভাস্কর্য ‘বজ্রকণ্ঠ’র বেদীমূলে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ অন্যান্য নেতা বক্তব্য দেন।

অপরদিকে নগরীর চশমা হিলে প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে মহিলা আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি হাসিনা মহিউদ্দিন এতে সভাপতিত্ব করেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ১৯৭১ এর শহীদদের স্মরণে নির্মিত ‘আমরা তোমাদের ভুলব না’ শীর্ষক স্মৃতিস্তম্ভটি সম্প্রতি সংস্কার করা হয়।

সেখানে বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন, জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।