২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববাজার ‘না বুঝেই’ হরতালের ডাক: মাহতাব

আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ‘না বুঝেই’ সরকারবিরোধীরা হরতাল ডেকেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2022, 08:51 PM

Updated : 02 Aug 2022, 03:12 PM

স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার চট্টগ্রাম নগরের থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বাম জোটের ডাকা হরতাল নিয়ে কথা বলেন।

মাহতাব বলেন, “হরতাল গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। সরকার বিরোধীরা যৌক্তিক কারণে মিছিল, মিটিং ও সমাবেশ করতেই পারেন এবং হরতালের ডাকও দিতে পারেন। কিন্তু তাদেরকে নিত্যপণ্যের দাম বৃদ্ধির বৈশ্বিক বাস্তবতা বুঝতে হবে।

“সারা বিশ্বেই আমদানি পণ্যের পরিবহন ব্যয় বেড়ে গেছে। তার প্রভাব পড়ছে আমদানি নির্ভর নিত্যপণ্যের ওপর। এই বাস্তবতা অনুধাবন না করে যারা হরতাল ডেকেছেন, তারা মানুষের মঙ্গল চান না এবং তারা দেশের উন্নয়ন ও অগ্রগতি অচল করে দিতে চায়।”

ভোজ্যতেল, চাল-ডাল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একই দিনে আলাদাভাবে হরতাল ডেকেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, যিনি বিএনপিপন্থি পেশাজীবী নেতা হিসেবে পরিচিত।

হরতালের নামে ‘অরাজকতা’ সৃষ্টিকারীদের আওয়ামী লীগ অবশ্যই প্রতিহত করবে বলেও মন্তব্য করেন মাহতাব।

তিনি বলেন, “স্বাধীনতার জন্য বাঙালি জাতির নজিরবিহীন আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেও স্বাধীনতা বিরোধী শক্তি নির্মূল হয়নি। একাত্তরের পরাজিত শক্তির প্রেতাত্মা জিয়া-মোস্তাক চক্র ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করে সংবিধানকে পদদলিত করেছে।

“তারা মুক্তিযুদ্ধের চেতনা ও অর্জনকে মুছে দিতে চেয়েছে, কিন্তু সফল হয়নি। ব্যক্তি মুজিবকে হত্যা করলেও তার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দিতে পারেনি।”

সভায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচক্ষণ নেতৃত্ব ও নির্দেশনায় স্বাধীন বাঙালি জাতিসত্তার অভ্যুদয় ঘটে। বঙ্গবন্ধুকে পাক-মার্কিন নীলনকশা অনুযায়ী হত্যার পর, দীর্ঘ একুশ বছর বাঙালি জাতিসত্তাকে ছিন্ন-বিচ্ছিন্ন করার অপচেষ্টা হয়।

“পুরো জাতিকে পাকিস্তানি ভাবধারায় পরিচালিত ও স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসিত করা হয় এবং ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মকে ঘুম পাড়িয়ে রাখা হয়। একাত্তরের পরাজিত শক্তি বাঙালিকে জিম্মি করে সাময়িক ইতিহাস বিকৃত করলেও নতুন প্রজন্ম আজ সত্যিকার ইতিহাস জানতে পারছে।”

সাবেক মেয়র নাছির বলেন, “আমাদের মূল অস্তিত্ব হল আওয়ামী লীগ এবং আমাদের অস্তিত্ব ঠিক থাকলে দল দেশ ও জাতির কল্যাণ হবে। তাই সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্যের কোনো বিকল্প নাই। আমাদের মধ্যে ব্যক্তিগত মত নিয়ে ভিন্নতা থাকতে পারে। কিন্তু এই নিয়ে অনৈক্য কখনও কাঙ্ক্ষিত হতে পারে না।”

চট্টগ্রাম নগর আওয়ামী লীগ আয়োজিত এ সভায় সঞ্চালনা করেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা শেখ মোহাম্মদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, সম্পাদক মণ্ডলীর সদস্য শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী।