২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপিকে গোছানোর নির্দেশনা

চট্টগ্রামে বিএনপিকে শক্তিশালী করতে থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে কমিটি করতে স্থানীয় নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় পর্যায় থেকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2022, 10:38 PM

Updated : 02 Aug 2022, 03:10 PM

সোমবার ঢাকায় এক বৈঠক থেকে এই নির্দেশনা দেওয়া হয় বলে দলটির স্থানীয় নেতারা জানিয়েছেন।

বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই বৈঠকে চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটির সদস্যরা ছিলেন। লন্ডন থেকে স্কাইপে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান ও যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সভায় ছিলেন।

সভায় আগামী ৯০ দিনের মধ্যে থানা, ইউনিট ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির কমিটি করে পরবর্তীতে নগর কমিটি পূর্ণাঙ্গ করার ওপর জোর দেওয়া হয়। এসব কমিটি সমন্বয় করতে চট্টগ্রাম মহানগর বিএনপির পাঁচজন যুগ্ম আহবায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে।

সামগ্রিক বিষয় তদারকি করতে বলা হয়েছে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমদ আজম খানকে। চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসব কাজের তদারকি করবেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সভায় মূলত চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এতে বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সম্মেলন শেষ করতে আমাদের নির্দেশনা দিয়েছে।”

২০২০ সালের ২৩ ডিসেম্বর শাহাদতকে আহ্বায়ক ও বক্করকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটি হয়েছিল। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ করতে বলা হলেও প্রায় দেড় বছরের মধ্যে তা হয়নি। ৩৯ সদস্যের আহবায়ক কমিটির সদস্যের মধ্যে একজন মারা যাবার পর ৩৮ জন রয়েছেন।

সভায় অংশ নেওয়া মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহানগরের আহবায়ক কমিটির মেয়াদের প্রায় দেড় বছরে সাংগঠনিক কমিটিগুলো করা যায়নি। সভায় এসব বিষয় তদারকি করতে আহমদ আজম খানকে প্রধান করে একটি কমিটি করে দেওয়া হয়েছে।পাঁচজন যুগ্ম আহবায়ককে তিনটি করে থানার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা ওই কমিটিকে জবাবদিহি করবে।”

মহানগরে বিএনপির ১৫টি সাংগঠনিক থানা, ৪৩ ওয়ার্ড রয়েছে।