টেকসই উন্নয়নে একসঙ্গে কাজ করা উচিৎ: জসিম উদ্দিন
টেকসই উন্নয়নের জন্য সবার একসঙ্গে কাজ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
সোমবার দুপুরে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রামের ব্যবসায়ীদের পক্ষ থেকে জসিম উদ্দিনকে এ সংবর্ধনা দেওয়া হয়।
দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের এ নেতা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন- মধ্যম আয়ের দেশ এবং উন্নত রাষ্ট্রে বাংলাদেশকে রূপান্তর করার লক্ষ্যে বিভিন্ন আনুষঙ্গিক ইউটিলিটিজ নিয়ে ব্যবসায়ী সমাজকে সোচ্চার হতে হবে।
“ব্যবসার পরিসর বৃদ্ধি পাওয়া মানে রাজস্ব বৃদ্ধি পাওয়া। বর্তমানে যারা আয়কর দিচ্ছে শুধুমাত্র তাদের উপর না চাপিয়ে করের আওতা বাড়ানো দরকার। গ্রামীণ অর্থনীতি বর্তমানে অনেক শক্তিশালী। তাই উপজেলা পর্যায়েও রাজস্ব আহরণ করা যেতে পারে।”
বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন ধরনের সমস্যা সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করে দ্রুত সমাধানের আশ্বাস দেন জসিম উদ্দিন।
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামে বাস্তবায়নাধীন মেগা প্রকল্পগুলোর কারণে উন্নয়ন চোখে পড়ার মত। গত দুই বছরে কোভিড চলাকালীন এবং বর্তমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চাহিদা ও পণ্যের দাম বৃদ্ধি, সম্পূর্ণ সাপ্লাই চেইন এবং ক্যাপাসিটি কমে গেছে।
“এ জন্য সরকারের নীতি নির্ধারণের চাহিদা ও যোগানের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন পূর্বক বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা উচিত। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরো বৃদ্ধি পেলে দেশের রপ্তানি প্রতিযোগিতামূলক সক্ষমতাও বৃদ্ধি পেত।”
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, “চট্টগ্রামকে ঘিরে যেসব মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তা সময়মত সম্পন্ন করা হলে আগামী ৫-১০ বছরের মধ্যে এই অঞ্চলে যুগান্তরকারী পরিবর্তন হবে, যা এসডিজি অর্জন ও ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক হবে।”
চট্টগ্রাম চেম্বার আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভঅপতি খলিলুর রহমান, চট্টগ্রাম ওমেন চেম্বারের সভঅপতি মনোয়ারা হাকিম আলী, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালক এ কে এম আকতার হোসেন, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ।
