২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংসারে নয়, ফাহমিদা চললেন অন্যভুবনে

নাকে অক্সিজেনের নল লাগিয়ে লালশাড়ি আর গয়না পরে হাসপাতালের কেবিনে বিয়ে করা ফাহমিদা কামাল অবশেষে হার মানলেন ক্যান্সারের কাছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2022, 01:18 PM

Updated : 02 Aug 2022, 03:10 PM

মনের জোরে ভালোবসার মানুষকে বিয়ে করলেও তার আর সংসার শুরু করা হবে না। বিয়ের ১২ দিনের মাথায় তিনি যাত্রা করলেন অন্যভুবনে।  

ফাহমিদার চাচা ইউসুফ সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তার ভাতিজিকে রোববার হাসপাতালের কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টা ২৩ মিনিটে মারা যান ২৬ বছর বয়সী এই তরুণী।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করা ফাহমিদার স্বপ্ন ছিল প্রেমিক মাহমুদুল হাসানের সঙ্গে ঘর বাঁধার। তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে সম্মতিও মেলে দুই পরিবার থেকে।বিয়ের কথাবার্তাও এগোয় ২০২০ সালের শেষ দিকে হয়।

কিন্তু গত বছরের জানুয়ারি মাসে ফাহমিদার রেকটাম ক্যান্সার ধরা পড়ে। বাংলাদেশ-ভারত দুই দেশে চিকিৎসার মাধ্যমে ক্যান্সারের সাথে লড়াই চলে তার।

শরীরে ক্যান্সার বাসা বানানোর পরও তার সেই স্বপ্ন ফিকে হতে দেননি নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করা মাহমুদুল। ফাহমিদার ইচ্ছা এবং স্বপ্নকে সম্মান জানাতে বিয়ের সিদ্ধান্ত নেন। ফাহমিদার পরিবার থেকে সেই সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানানো হলেও মাহমুদুল অনড় ছিলেন।

গত ৯ মার্চ হাসপাতালের কেবিনেই বিয়ে হয় ফাহমিদা-মাহমুদুলের। বধূবেশে লাল শাড়িতে ফাহমিদা ও পাঞ্জাবি পরা বর মাহমুদুলের বিয়ের সেই ছবি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।

অন্য রকম এক বিয়ে  

সেই লাল শাড়ির মায়া ছেড়ে ফাহমিদা এখন বাড়ি ফিরবেন সাদা কাফন পরে। দক্ষিণ বাকলিয়া চারচাক্তাইয়ে পারিবারিক কবরস্থানে তার দাফন হবে বলে চাচা ইউসুফ সালাম জানান।

তিনি বলেন, বিয়ের পর ১৪ মার্চ ফাহমিদা মনের জোরে হাসপাতাল থেকে বাকলিয়ায় বাসায় ফিরে গিয়েছিল। কিন্তু পরদিনই তার শরীর আবার খারপ হলে তাকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়। সেখানে কেবিনে রেখে তার চিকিৎসা চলছিল।

ফাহমিদা ও মাহমুদুলের অন্য রকম ওই বিয়ের খবর ও ছবি ফেইসবুকে দিয়েছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন সাকী, যিনি সম্পর্কে ফাহমিদার নানা।

সাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুপথযাত্রী কাউকে বিয়ে করার ঘটনা বিরল। এতে বর-কনে উভয়ের ভালোবাসার দিকটিই উঠে এসেছে। আমি তাদের জন্য শুভ কামনা জানাই।”

এস এম কামাল উদ্দিনের তিন ছেলে-মেয়ের মধ্যে ফাহমিদা ছিলেন দ্বিতীয়। তার বড় বোন চীনে থাকেন। ছোটভাই এখনও পড়ালেখা করছেন। ২৬ বছর বয়েসী ফাহমিদা চট্টগ্রামের বেসরকারি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছিলেন।