২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের

আগামী অর্থবছরের বাজেটে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা বাড়ানো, করপোরেট কর কমানো এবং সারচার্জবিহীন নিট সম্পদের পরিমাণ পাঁচ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম চেম্বার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2022, 09:05 PM

Updated : 25 Jul 2022, 04:41 PM

রোববার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় এসব প্রস্তাব দেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের উপস্থিতিতে চেম্বার সভাপতি আগামী বাজেটে ব্যবসায়ীদের আরও কিছু দাবি তুলে ধরেন।

তিনি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) অবস্থিত কোম্পানির পাঁচ বছরের কর অবকাশ সুবিধার প্রত্যয়নপত্র এককালীন ইস্যু করা, লৌহ ও লৌহজাত পণ্যের ক্ষেত্রে উৎসে কর ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ নির্ধারণের দাবি জানান।

সারচার্জবিহীন নিট সম্পদের পরিমাণ তিন কোটি থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা নির্ধারণের প্রস্তাবও দেন তিনি।

এছাড়া চূড়ান্ত করদায় বাতিল করে কর সমন্বয়ের ব্যবস্থা করা, স্ক্র্যাপ আমদানির করহার টনপ্রতি ৫০০ থেকে কমিয়ে একশ টাকা টাকা করা, এলপি গ্যাসের বিক্রি পর্যায়ে ৭ শতাংশ ভ্যাটের পরিবর্তে প্রতি কেজি দুই টাকা হারে ট্যারিফ ভ্যাট প্রবর্তনের প্রস্তাব দেন চেম্বার সভাপতি।

তিনি এলপিজি কনভার্সন কার্যক্রম চালানোর জন্য ক্যাপিটাল মেশিনারিজ আমদানিতে সিএনজির ন্যায় সুবিধা দেওয়া এবং শিপ রিসাইক্লিংয়ে গ্রিন ইয়ার্ড তৈরিতে মূলধনী যন্ত্রপাতি আমদানি শতভাগ শুল্কমুক্ত রাখার প্রস্তাব করেন।

প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, দেশি শিল্পের সুরক্ষা, কর ব্যবস্থাকে কীভাবে আরও সহজ করা যায়, করের বোঝা কমানো এবং সহজ পরিবেশ তৈরি করার লক্ষ্যে এনবিআর কাজ করছে। অটোমেশনের দিকেও এগিয়ে যাচ্ছেন তারা।

তিনি বলেন, দেশি লবণের রক্ষায় শিল্প খাতে আমদানি করা লবণ বাজারে বিক্রি হচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। যেসব কোম্পানি রিটার্ন দাখিল করছে না সেগুলোর তালিকাও প্রণয়ন করা হচ্ছে।

মতবিনিময় সভায় এনবিআর সদস্য মো. মাসুদ সাদিক, জাকিয়া সুলতানা ও সামস উদ্দিন আহমেদ, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, বর্তমান সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালক এ কে এম আক্তার হোসেন ও হাসনাত মো. আবু ওবাইদা, বিএসআরএমের চেয়ারম্যান আলী হুসেইন আকবরআলী, জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, কনফিডেন্স সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।