২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি করছেন ৮৪ ডিলার

চট্টগ্রামে ৮৪ জন ডিলারের মাধ্যমে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2022, 08:23 PM

Updated : 02 Aug 2022, 03:09 PM

রোববার নগরীর ষোলশহর এলাকায় একটি কনভেনশন সেন্টারে পণ্য বিক্রির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র এম রেজাউল করিম।

রোববার এ কার্যক্রম একযোগে নগরীর ৪১টি ওয়ার্ডে, ১৫টি উপজেলার ১৯১টি ইউনিয়নে ও ১৫টি পৌরসভায় শুরু হয়েছে।

নগরীতে ৩ লাখ ৯৬৩ পরিবার, উপজেলাগুলোতে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ এবং পৌরসভাগুলোতে ৪৭ হাজার ৬৭০ পরিবার এ সুবিধায় পণ্য কিনতে পারবে।

ষোলশহরে পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে মেয়র রেজাউল সাংবাদিকদের বলেন, মহানগরীর ৪১টি ওয়ার্ডে কার্ড বিতরণ করা হয়েছে। শুক্রবার ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত নেওয়া হয়েছে।

যেসব ওয়ার্ডে লোক সংখ্যা বেশি সেখানে আরও কার্ড দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, যে ওয়ার্ডে যেমন জনসংখ্যা তার সঙ্গে সমন্বয় করে কার্ড দেওয়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মোমিনুর রহমানসহ বিভিন্ন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সিটি মেয়র ও জেলা প্রশাসক বিভিন্ন স্থানে গিয়ে পণ্য বিক্রির কাযক্রম পরিদর্শন করেন।

জেলায় মোট ৮৪ জন ডিলারের মাধ্যমে ৫ লাখ ৩৫ হাজার ৮২ জন উপকারভোগীর কাছে রোজার আগে প্রথম পর্যায়ে স্বল্পমূল্যে ভোগ্যপণ্য বিক্রি করা হবে।

“এতে প্রতিজনকে ২ কেজি চিনি, ২কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল দেওয়া হবে।”

চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা এবং সয়াবিন তেলের প্রতি লিটার ১১০ টাকা হারে দর নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্যায়ে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল নিতে মোট ৪৬০ টাকা লাগবে কার্ডধারীদের।