২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি ইজাহারের দুই বছরের সাজা

সম্পদের হিসাব না দেওয়ায় দুদকের করা মামলায় হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে দুই বছরের সাজা দিয়েছেন আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2022, 12:40 PM

Updated : 02 Aug 2022, 03:10 PM

চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ রোববার এ রায় দেন।

হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চট্টগ্রামের লালখান বাজারের আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ। তার উপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করে। 

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমদ লাভলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোষী সাব্যস্ত হওয়া মুফতি ইজাহারুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর নগরীর খুলশী থানায় এ মামলা দায়ের করেন। দুদকে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় এই মামলা করা হয়।

তদন্ত শেষে ২০১৪ সালের ২১ এপ্রিল এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক। অভিযোগ গঠন করা হয় ওই বছরের ১২ মে।

মামলাটিতে নয়জনের মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার রায় দিল আদালত।

পুরনো খবর:

বিচারক নেই, পেছালো মুফতি ইজাহারের মামলার সাক্ষ্যগ্রহণও