২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘আনসার আল ইসলামের জঙ্গি’ গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী থেকে এক যুবককে গ্রেপ্তারের পর র‌্যাব বলছে, ওই যুবক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ‘সক্রিয় সদস্য’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2022, 08:53 PM

Updated : 02 Aug 2022, 03:09 PM

হাটহাজারি উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে গত শুক্রবার রাতে মো. ওমর ফারুক (২৩) নামে এ যুবককে গ্রেপ্তার করা হয়।

পেশায় অটো মেকানিক ফারুকের বাড়ি হাটহাজারির তৈয়বিয়া পাড়ায় বলে শনিবার রাতে র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কিছু উগ্রপন্থী সদস্য তাদের সংগঠনের দাওয়াতি কার্যক্রম এবং নাশকতামূলক কাজ পরিচালনার জন্য বৈঠকে বসতে হাটহাজারি এলাকায় জমায়েত হবে এমন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওমর ফারুককে আটকের পর তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে উগ্রবাদী ১০টি বই ও লিফলেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফারুক জানিয়েছে আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা জসিম উদ্দিন রহমানির বয়ান শুনে এবং ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ ও ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে উগ্রপন্থী কার্যকলাপে জড়িয়ে পড়ে। পরে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য হয়ে উঠে।

অভিযানে থাকা র‌্যাবের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বছর খানেক আগে সে উগ্রবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়ে। শুক্রবার তার সঙ্গে আরও কয়েক জন ছিল। তবে তারা পালিয়ে গেছে।

গ্রেপ্তার ফারুক একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে সমমনা লোকজনদের সাথে নিয়মিত যোগাযোগ রাখাসহ আনসার আল ইসলামের প্রচারণা চালাতো বলে র‌্যাবের দাবি। 

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।