ফেইসবুকে চীনা পণ্য বিক্রির পেইজ খুলে প্রতারণা, চট্টগ্রামে যুবক গ্রেপ্তার
চীন থেকে পণ্য এনে দেওয়ার কথা বলে ফেইসবুকে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বাকলিয়া থানার রাহাত্তারপুল থেকে শনিবার রাতে এস এম তানভীরুল আলম (২৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী গ্রামে।
র্যাব-৭ এর অপারেশন অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেইসবুকে ‘চায়নিজ প্রোডাক্ট ইমপোর্টার (হোলসেল, প্রি অর্ডার শিপিং ইন বাংলাদেশ)’ নামে একটি পেইজ খুলে তানভীর চীন থেকে পণ্য আনার নামে ‘প্রতারণা’ করে আসছিলেন।
“পেইজে লোভনীয় দামে বিভিন্ন ধরনের পণ্যের ছবি পোস্ট করতেন তানভীর। অনলাইনে কেনাকাটা করতে আগ্রহী ব্যক্তিরা পেইজে যোগাযোগ করলে তাদের সঙ্গে নিজের পাসপোর্ট ও চায়নিজ ভিসার ছবি পাঠাতেন ওই যুবক।
“তারপর ক্রেতার সঙ্গে আলাপ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পণ্যের দামের অর্ধেক টাকা আদায় করে নিতেন; পরে পণ্য না দিয়ে মোবাইল নম্বর পাল্টে ফেলতেন।”
র্যাব কর্মকর্তা রায়হান বলেন, গত ১৭ জানুয়ারি তানভীরের পেইজে এক ব্যক্তি পণ্য কেনার জন্য অর্ডার করেন। পণ্যের দামের অর্ধেক ১০ হাজার ৭৫ টাকা তিনি তানভীরকে পাঠিয়েও দেন।
পণ্য না পাওয়ায় ৩ ফেব্রুয়ারি তিনি তানভীরের নম্বরে ফোন করে সেটি বন্ধ পান। এরপর পাঁচলাইশ থানায় মামলা করেন। ওই মামলাতেই তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে।
২০১৮ সালে স্টুডেন্ট ভিসায় চীনে গিয়েছিলেন তানভীর। মহামারী শুরুর পর ২০২০ সালে তিনি দেশে ফিরে আসেন।
র্যাব কর্মকর্তা রায়হান বলেন, তানভীর কারও কাছ থেকে টাকা নেওয়ার সময় নিজের মোবাইল ব্যাংকিং নম্বর না দিয়ে পরিচিত বিভিন্ন ব্যক্তির নম্বর দিতেন।
“পরে তাদের কাছ থেকে তার পরিচিত ব্যক্তি চিকিৎসার টাকা পাঠিয়েছেন বলে টাকাগুলো নিতেন।”
গত দুই বছরে অন্তত ২৫ জনের সঙ্গে এ ধরনের প্রতারণা করার কথা তানভীর ‘স্বীকার করেছেন’ বলে জানান এএসপি রায়হান।
