পণ্যের দাম বাড়িয়ে ‘জিম্মি করেছে’ লুটেরা গোষ্ঠী: শাহ আলম
নিত্যপণ্যের দাম বাড়ানোর মধ্য দিয়ে ‘লুটেরা গোষ্ঠী’ সাধারণ মানুষকে ‘জিম্মি করেছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি মো. শাহ আলম।
শুক্রবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
শাহ আলম বলেন, “পার্লামেন্ট এখন লুটেরাদের কবলে। দ্রব্যমূল্য বৃদ্ধির মধ্য দিয়ে মানুষকে জিম্মি করছে লুটেরা গোষ্ঠী। শেয়ার মার্কেট, দ্রব্যমূল্য, চিকিৎসা, শিক্ষা- সবই এখন জিম্মি লুটেরাদের হাতে।
“এ পরিস্থিতি উত্তরণে রাজনৈতিক শক্তির ভারসাম্য আনতে হবে। দেশ এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত মিলে দেশটাকে গিলে খাচ্ছে। তারা লুটেরাদের প্রতিনিধিত্ব করছে।”
এর বিপরীতে মানুষের লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়ে এটাকে সামাজিক ও অর্থনৈতিক মুক্তির লড়াই হিসেবে উল্লেখ করেন সিপিবি সভাপতি।
“আমাদের লড়াই সাম্প্রদায়িকতামুক্ত মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ার লড়াই। এর কোনো বিকল্প নেই। মানুষ এখন বিকল্প চাইছে। মানুষের যাতনার শেষ নেই। এ জায়গা থেকে উত্তরণ ঘটাতে হবে।”
সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য দিবালোক সিংহ বলেন, “দেশে অল্প সংখ্যক লোক অনেক বেশি ধনী হয়ে গেছে। একটি শক্তিশালী পুঁজিপতি শ্রেণির উদ্ভব হয়েছে। এর বিপরীতে শোষিত নিপীড়িত মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে।
“এর বিরুদ্ধে সংগ্রাম প্রতিনিয়ত চলছে। এটা হয়ত আমরা দেখতে পাই না। কিন্তু তা চলমান আছে। সে প্রক্রিয়াকে ক্ষমতা পরিবর্তনের লড়াইয়ে নিয়ে যাওয়ার কাজটি রাজনৈতিক কর্মীদের। আমাদের এ কাজটা করতে হবে।”
বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদারের নাগরিক শোকসভায় তারা এসব কথা বলেন। গেল গত ৩০ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
সভার শুরুতে শোক সংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক ইউনিয়ন ও জীবনী পাঠ করেন যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক রাশিদুল সামির।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দক্ষিণ জেলার সভাপতির দায়িত্ব পালন করা উজ্জ্বল শিকদার যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
তিনি কমিউনিস্ট পার্টি কোতোয়ালী থানা কমিটিরও সাধারণ সম্পাদক ছিলেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনে চট্টগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন উজ্জ্বল শিকদার
সভায় নাগরিক কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজ আদনান খান রিয়াদ, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শওকত আলী, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সনৎ বড়ুয়া, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, উজ্জ্বল শিকদারের বাবা সন্তোষ শিকদার। সাবেক যুব নেতা শিহাব চৌধুরী বিপ্লব, জ্যেষ্ঠ সাংবাদিক হাসান ফেরদৌস, ঢাকা রিপোটার্স ইউনিটের সাবেক সহ সভাপতি নজরুল কবির, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি গোরচাঁদ ঠাকুর, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সাধারণ সম্পাদক ভবতোষ ভট্টাচার্য।
