ছাত্রলীগের মারামারি: চবির দুই হল থেকে ধারালো অস্ত্র উদ্ধার
ছাত্রলীগের দুই পক্ষের মারামারির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল ইসলাম ভুঁইয়া বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহ আমানত ও সোহরাওয়ার্দী হল থেকে এসব ধারালো অস্ত্র, ইটের টুকরো এবং কাচের বোতল উদ্ধার করেছেন তারা। তবে কাউকে আটক করা হয়নি।
বুধবার কনসার্টে ‘প্রবেশ করা’ নিয়ে হাতাহাতির জেরে ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে একজন আহত হয়।
এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে থমথমে পরিস্থিতির মধ্যেই বুধবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী ও শাহ আমানত হলে তল্লাশি চালায় পুলিশ।
বুধবার সন্ধ্যায়ও ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আগের দিন সংঘর্ষও হয়েছিল।
