২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে পেইজ খুলে প্রতারণা, যুবক গ্রেপ্তার

এক নারী চিকিৎসকের নামে ফেইসবুকে পেইজ খুলে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2022, 10:06 PM

Updated : 02 Aug 2022, 03:05 PM

ঝিনাইদহ সদর থানার আড়মুখী বাজার থেকে মিরাজ উদ্দিন ওরফে মিরাজ (২২) নামের ওই ব্যক্তিকে আগেরদিন গ্রেপ্তারের পর বুধবার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

মিরাজ ঝিনাইদহ জেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী ওয়ার্ডের আবু বক্কর ছিদ্দিকর ছেলে।

আকবর শাহ থানার ওসি জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই নারী চিকিৎসকের স্বামীও একজন চিকিৎসক। তিনি অভিযোগ করেন, তার স্ত্রীর নামে তিনটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করা হচ্ছে।

“এসব পেইজ থেকে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) নামের একটি সংগঠন পরিচালনার কথা বলে একটি স্কিল লেজার সেন্টার স্থাপনের জন্য বিকাশের মাধ্যমে অর্থ সাহায্য চেয়ে পোস্ট দেওয়া হয়।”

ফেইসবুক পেইজ থেকে ‘বিভ্রান্তিকর তথ্য ও ছবি’ প্রকাশ করায় পেশাগত সম্মানহানির অভিযোগে ওই চিকিৎসকের স্বামী গেল ২২ ফেব্রুয়ারি মামলা করেন।

ওসি জহির হোসেন জানান, এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় মিরাজের অবস্থান শনাক্ত করা হয়।

“মিরাজ ইরাক ফেরত প্রবাসী। ফেইসবুকে বেশি সংখ্যক ফলোয়ার আছে- এমন ব্যক্তিদের ফেইসবুক আইডি থেকে ছবি সংগ্রহ করে সে নিজে আইডি ও পেইজ খুলতো।

“এসব ভুয়া আইডি ও পেইজ থেকে কৌশলে বিভিন্ন মানবিক ঘটনা ও অসহায় মানুষের ছবি যুক্ত করে মানবিক সংস্থার কর্মী পরিচয় দিয়ে সাহায্য প্রার্থনা করত। এবং বিকাশের মাধ্যমে নগদ অর্থ সহায়তা নিত।”

এ ঘটনায় ওই নারী চিকিৎসকের স্বামীর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মিরাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।