২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গায় বাসায় আগুনে দগ্ধ দম্পতি

চট্টগ্রামের পতেঙ্গা এলাকার মকবুল হাউজিং সোসাইটির একটি বাসায় আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2022, 10:03 PM

Updated : 02 Aug 2022, 03:05 PM

বুধবার রাত আটটার পর ছয় তলা ওই ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে। এতে আখতার হোসেন (২৮) ও তার স্ত্রী সালমা বেগম (২২) দগ্ধ হন।

সালমা বেগম পোশাক কারখানার কর্মী এবং আখতার হোসেন গাড়িচালক।

পতেঙ্গা থানার ওসি কবীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে ওই বাসায় কেউ ছিলেন না। দরজা জানালা বন্ধ ছিল। রাতে তারা বাসায় ফেরার পর আগুন জ্বালাতে গিয়ে কোনোভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

“বাসায় থাকা গ্যাসের সিলিন্ডার অক্ষত আছে। কীভাবে আগুন লেগেছে তা তদন্তের পর বলা যাবে।”

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

ওসি কবীর বলেন, “দগ্ধ স্বামী-স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে ঘরের কিছু আসবাবপত্রও পুড়ে গেছে।”