২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসায় শিক্ষার্থীর লাশ: হত্যার অভিযোগে বাবার মামলা

চট্টগ্রামের পাঁচলাইশে মাদ্রাসা শিক্ষার্থী আরমান হোসেনের লাশ উদ্ধারের ঘটনায় ছেলেকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে অভিযোগে মামলা করেছেন তার বাবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2022, 08:02 PM

Updated : 25 Oct 2022, 10:17 AM

পাঁচলাইশ থানায় মঙ্গলবার রাতে আরমানের বাবা আব্বাস উদ্দিন ছেলেকে সংঘবদ্ধভাবে হত্যার অভিযোগে মামলা করেন বলে জানান (তদন্ত) পরিদর্শক সাদেকুর রহমান। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলাটি করা হয়েছে। তবে এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি। 

নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর পিলখানা এলাকার ডানকান হিলের ‘আলী বিন আবী তালিব (রা:) মাদ্রাসার’ পাশ থেকে মঙ্গলবার সকালে শিক্ষার্থী আরমানের লাশ উদ্ধার করে পুলিশ।

১৪ বছরের শিশুটি মাদ্রাসার দাওয়া শাখার শিক্ষার্থী ছিল। আগে একটি মাদ্রাসা থেকে হাফেজি সম্পন্ন করার পর গত ফেব্রুয়ারি মাসে এ মাদ্রাসায় তাকে ভর্তি করে পরিবার।

মামলায় অভিযোগ করা হয়, গত ৭ মার্চ বিকাল ৫টা থেকে পরদিন সকাল সাড়ে ৯টার মধ্যে কোনো এক সময়ে আরমানকে অজ্ঞাত ব্যক্তি/ব্যক্তিরা মাদ্রাসার ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করে।

এজাহারে বলা হয়, গত ৭ মার্চ সন্ধ্যা সাতটার দিকে মাদ্রাসার পরিচালক আব্দুল মান্নান তার মোবাইল নম্বরে ফোন করে আরমান বাসায় এসেছে কিনা জানতে চান। সে বাসায় আসেনি জানালে, কিছু না বলে ফোন কেটে দেওয়া হয়।

পরদিন সকাল সাড়ে ৯টার দিকে আবারও তাকে ফোন করে মাদ্রাসায় যেতে বলেন আব্দুল মান্নান। পরে সাড়ে ১১টার দিকে মাদ্রাসায় গিয়ে চারতলা ভবনের দক্ষিণ পাশে খালি জায়গায় মাটিতে পড়ে থাকা ছেলের লাশ দেখতে পান।

পরে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরমানের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

লাশ উদ্ধারের পর ওই শিক্ষার্থী ছাদ থেকে পড়ে মারা গেছে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করলেও তার বাবার সন্দেহ ছিল মাদ্রাসায় যৌন নিপীড়নে বাধা দেওয়ায় তার ছেলেকে খুন করা হয়েছে।

এদিকে গত ৫ মার্চ বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ দরবার শরীফ পরিচালিত ‘আল্লামা শাহসূফী অছিয়র রহমান (ক.) মাদ্রাসা, হেফজখানা ও এতিখানায়’ মো. ইফতেকার মালিকুল মাশফি নামে এক ছাত্রকে গলা কেটে হত্যা করা হয়।

এ ঘটনায় মাদ্রাসার তিন শিক্ষককে গ্রেপ্তার এবং তাদেরসহ আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় পুলিশ।

তবে দুই দিনের রিমান্ড শেষে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।

পরিদর্শক সাইফুল বলেন, মামলার তদন্ত চলছে। তবে বলার মতো কোনো অগ্রগতি হয়নি।

আরও পড়ুন

মাদ্রাসায় শিক্ষার্থীর লাশ:  হত্যাকাণ্ড, সন্দেহ পরিবারের

বোয়ালখালীর মাদ্রাসায় ছাত্রের গলাকাটা লাশ